ফেনীতে ২ গাঁজা সেবনকারীকে ধরে পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
ছবি: সংগৃহীত
০৫:৩৯ পিএম | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বক্তারমুন্সী বাজারের মাঝখানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কারের কাজে নামিয়ে দেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন- সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের কালা সর্দার বাড়ির দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাকিব (৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাদির ছেলে জাহেদ আলম (৩৮)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলো সংলগ্ন জসিম ব্রিক ফিল্ড এলাকায় মাদক সেবন করছিল তারা। মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের নেতৃত্বে স্থানীয়রা তাদের আটক করে বক্তারমুন্সী বাজারে নিয়ে আসেন। সেখানে দীর্ঘদিন ধরে অপরিষ্কার থাকা পুকুরটি পরিষ্কারের কাজে তাদের নিয়োজিত করা হয়।
স্থানীয়রা জানান, এলাকায় মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের অংশ হিসেবে তাদের আটক করা হয়। পরে শাস্তিমূলকভাবে নয় বরং স্থানীয়ভাবে সচেতনতা তৈরির উদ্দেশে তাদের দিয়ে দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা পুকুরটি পরিষ্কার করানো হয়। দিনব্যাপী তাদের দিয়ে এই কাজটি করানো হয়, যাতে অন্যরা দেখতে পায় এবং এ থেকে শিক্ষা নেয়।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার বলেন, দুই ব্যক্তি ব্রিক ফিল্ডে গাঁজা সেবন করছেন এমন খবর পেয়ে তিনি স্থানীয়দের নিয়ে সেখানে যান। পরে তাদের হাতেনাতে আটক করা হয়। স্থানীয়দের পরামর্শে শাস্তি হিসেবে তাদের দিয়ে বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা পুকুরটি পরিষ্কার করানো হয়েছে।
তিনি আরও বলেন, তারা একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাই স্থানীয়দের পরামর্শে এবার তাদের দিয়ে পুকুর পরিষ্কার করানো হয়েছে। তাদের মাদক সেবন না করতে কঠোরভাবে সতর্ক করা হয়।
এমআই/এসএন