সংস্কার পরিষদ গঠন না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ছবি: সংগৃহীত
০৭:১৯ পিএম | ০৮ মার্চ, ২০২৬
সংস্কার পরিষদ গঠন না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আগামী ১২ মার্চ সংসদ অধিবেশনে যদি সংস্কার পরিষদ গঠন না করা হয় এবং সংস্কার বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হয়, তাহলে যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, তাদের অধিকার রক্ষায় আবারও আন্দোলনে নামতে হবো।’
রবিবার (৮ মার্চ) বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে এক বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করে এনসিপি।
এসময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের ফলাফলে কারচুপির কারণে তাদের দলের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী, সারজিস আলমসহ কয়েকজন নেতাকে পরাজিত দেখানো হয়েছে। একইভাবে ১১ দলীয় জোটের কয়েকজন প্রার্থীকেও হারিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে তাদের দল ফলাফল মেনে নিয়েছে। কিন্তু সরকার ক্ষমতায় গিয়ে জনগণের সঙ্গে করা অঙ্গীকার রক্ষা করেনি। ’ তার ভাষায়, ‘নির্বাচনের পর এক মাসও হয়নি, কিন্তু দেশ কোন দিকে যাচ্ছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে।’
নাহিদ ইসলাম আরো অভিযোগ করেন, দেশে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা চলছে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক দখলের চেষ্টা, সংসদে ঋণখেলাপিদের জায়গা দেওয়া এবং দুর্নীতি দমন কমিশনকে দলীয় প্রভাবের মধ্যে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সমাবেশে তিনি বলেন, যদি নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দিয়ে তার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়, তাহলে দেশে শত শত নতুন নাসিরউদ্দিন পাটোয়ারী তৈরি হবে।
তখন তরুণ ভোটার ও সাধারণ মানুষ চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে দাঁড়াবে।
সমাবেশে জ্বালানি সংকট নিয়েও কথা বলেন তিনি। তার দাবি, দেশের বিভিন্ন পেট্রলপাম্পে সাধারণ মানুষ তেল পাচ্ছেন না। অনেককে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে। বিএনপির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় বিভিন্ন রাজনৈতিক শক্তি একসঙ্গে রাজপথে ছিল।
কিন্তু কেউ যদি সেই ইতিহাস ভুলে গিয়ে সংস্কারের বিপক্ষে দাঁড়ায় বা দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নেয়, তাহলে আন্দোলনের পথ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।’ তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে এবং গণতন্ত্র ও সংস্কারের পক্ষে অবস্থান নিতে হবে।’
বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আরআই/টিএ