© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনীতির নামে দেশ ধ্বংসের চক্রান্তে আ.লীগ: চরমোনাই পীর

শেয়ার করুন:
রাজনীতির নামে দেশ ধ্বংসের চক্রান্তে আ.লীগ: চরমোনাই পীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১২ পিএম | ১৯ নভেম্বর, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতির নামে জ্বালাও-পোড়াও করে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ভোলা শহরের একটি রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে রেজাউল করিম বলেন, ‘আপনারা এই দেশের সন্তান। আজকে আমরা যেটা লক্ষ্য করেছি যে আপনারা আওয়ামী লীগের নামে ভাঙচুর, জ্বালাও-পোড়াও, মানুষ মারা, দেশের সম্পদ নষ্ট করা, থানাকে পুড়িয়ে দেয়াসহ যে ধরনের আচরণ করেছেন, এটা কোন ধরনের রাজনীতি? আপনারা রাজনীতি করেন মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য। কিন্তু আজকে আপনাদের আচরণের মাধ্যমে এটা তো মানুষের কল্যাণের রাজনীতি বোঝা যাচ্ছে না। এটা তো সম্পূর্ণ দেশকে ধ্বংস করার চক্রান্ত হিসেবে দেখছি।’

তিনি আরও বলেন, বিএনপি ও আওয়ামী লীগসহ যত রাজনৈতিক দল রয়েছে, সবাই এ দেশে জন্মগ্রহণ করেছে এবং দেশের মায়া ঈমানের একটি অংশ। দেশের ভালোমন্দের সঙ্গে সবাই জড়িয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই এই দেশটা একটা সুন্দর দেশ হবে। আমরা সবাই একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করব। কিন্তু ব্যক্তিস্বার্থ, দলের স্বার্থ, ক্ষমতার স্বার্থ ও লোভ দেশের কল্যাণের জন্য আমরা পরিহার করব।’

বাংলাদেশে শতকরা ৯২ জন মুসলমান বসবাস করে উল্লেখ করে পীর সাহেব চরমোনাই বলেন, ‘ইসলামকে সামনে রেখে যদি দেশ পরিচালনা করার চিন্তা করতে পারি, তাহলে ইতিহাস বলছে এ দেশের ভেতরে আবার স্বর্ণের যুগের মতো পরিবেশ তৈরি হবে। বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে আদর্শ-নীতি নিয়ে দেশ পরিচালনা করেছিল, তাদের সেই নীতি-আদর্শ বাংলাদেশে ব্যর্থ হয়েছে। এখন একটাই নীতি-আদর্শ রয়েছে, যার নাম ইসলাম। আজকে ইসলামবিদ্বেষী চক্ররা ইসলামের ব্যাপারে যে ভয় দেখিয়েছে, বাস্তবে ইসলাম ভয়ের জিনিস নয়। ইতিহাস পড়ে দেখেন, ইসলাম এমন একটি নীতি-আদর্শ যেখানে একটি পিপীলিকা পর্যন্ত তার স্বাধীনতা ও নিশ্চয়তা পায়। কেউ এই নীতি-আদর্শ মেনে চললে দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি পাবে।’

স্বাধীনতার ৫৫ বছর চলছে উল্লেখ করে মুফতি রেজাউল করিম বলেন, ‘একাত্তরের প্রেক্ষাপটে ইতিহাস পড়লে দেখা যায়, এ দেশের মানুষ সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল; অসংখ্য সন্তান মা হারিয়েছিল এবং মা সন্তান হারিয়েছিল। লক্ষ্য ও উদ্দেশ্য ছিল দেশটা সুন্দর দেশে পরিণত হবে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা ভুল করেছি। একাত্তরের পর যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে যাদের ক্ষমতায় বসিয়েছিলাম, বাস্তবে দেখা গেল তারা সেই আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন তো দূরের কথা, অন্যদের তাবেদার হয়ে দেশ পরিচালনার স্টিয়ারিং হাতে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এরপর বিভিন্ন সময়ে অভ্যুত্থান হয়েছে; বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট হাজার হাজার যুবক, ছাত্র ও মেহনতি মানুষ বৈষম্য দূর করে দেশকে স্বর্ণের দেশ গড়ার লক্ষ্যে অকাতরে জীবন দিয়েছিল। কিন্তু দুঃখ সহকারে বলতে হয়, আবারও আমাদের দেশের মানুষ ভুল করেছে। আবার যাদের স্টিয়ারিংয়ের আসনে বসানো হলো, তাদের বসানোর পর আমরা দেখলাম পুরোনো বউকে আবার নতুনভাবে শাড়ি পরানো হয়েছে।’

বিএনপি সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘বিশেষ করে বিএনপি সরকারকে বলব, আপনারা ক্ষমতায় আসার আগে ও নির্বাচনের আগে যে সুন্দর সুন্দর কমিটমেন্ট জাতির সামনে দিয়েছিলেন এবং বাংলাদেশকে সুন্দর ও রাষ্ট্রকে সংস্কার করার উদ্দেশ্যে যে গণভোট হয়েছিল, তা বাস্তবায়ন করবেন বলে ওয়াদা দিয়েছিলেন। সেই ওয়াদা দেয়ার পর আজ প্রায় এক বছর হতে চলেছে। কিন্তু আপনারা সেই ওয়াদা বাস্তবায়নের দিকে পা বাড়াচ্ছেন না। আপনারা কী করতে চান? জনগণকে বাদ দিয়ে এবং তাদের মতামত উপেক্ষা করে আপনারা সুন্দর দেশ পরিচালনা করবেন? এটা কখনোই সম্ভব নয়।’

ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা মামুন বিন মাহমুদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম, ভোলা জেলা উত্তরের সহসভাপতি মাওলানা ওবায়েদুর রহমান বিন মোস্তফা এবং সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম।

সম্মেলনে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আগামী ২০২৭-২৮ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের নতুন কমিটি ঘোষণা করেন। এতে মো. ইসরাফিল হোসেন মামুনকে সভাপতি, এইচ এম হাবিবুল্লাহকে সহসভাপতি এবং মাওলানা বেলাল হোসেন ফারুকীকে সাধারণ সম্পাদক করা হয়।

এমআই/

মন্তব্য করুন