প্রকাশ পেল ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার মোশন পোস্টার
ছবি: সংগৃহীত
১০:০৫ পিএম | ০৮ মার্চ, ২০২৬
নারী দিবসে প্রকাশ পেল দেব অভিনীত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার মোশন পোস্টার। নতুন পোস্টারে দেবের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে রুক্মিণী মৈত্রকে।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে টালিউডের নতুন এ সিনেমার পোস্টার প্রকাশ্যে আনা হয়। পোস্টারেই প্রথম প্রকাশ্যে এলো এ সিনেমায় রুক্মিণীর চরিত্রের প্রথম লুক।
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা পোস্টারে দেখা যাচ্ছে, এক সাধারণ গৃহবধূর সাজে স্নিগ্ধ রুক্মিণীকে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,
অঞ্জু, করিমুল হকের স্ত্রী। এক নিবেদিত প্রাণ, যার সমর্থন ও নিঃশব্দ অবদান এমন এক মানুষকে সবার কাছে পরিচিত করেছে। সিনেমাটিতে তুলে ধরা হয়েছে সমাজসেবক করিমুল হক এবং তার স্ত্রীর সম্পর্ক ও সংগ্রামের গল্প। পাশাপাশি এক নিঃস্বার্থ সমাজসেবার নেপথ্যে নারীর অবদানও ফুটিয়ে তোলা হবে পর্দায়।

নির্মাতারা আন্তর্জাতিক নারী দিবসের বার্তায় জানিয়েছেন, প্রতিটি সফল মানুষের পেছনে থাকে নারীর ত্যাগ। সফল এক পুরুষের পেছনে নারীর সংগ্রাম এবং নীরব সমর্থনের গল্পই বলবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। সিনেমাটি চলতি বছরে ভারতের স্বাধীনতা দিবস আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে।
আরআই/টিএ