© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারীদের সুস্থতার বার্তা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন শিল্পা শেঠি

শেয়ার করুন:
নারীদের সুস্থতার বার্তা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছেন শিল্পা শেঠি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৬ পিএম | ০৮ মার্চ, ২০২৬
একটি সংসারের প্রায় সব দায়িত্বই অনেক সময় এসে পড়ে নারীর কাঁধে। পরিবারের সুখ-দুঃখ, প্রয়োজন-অপ্রয়োজন সবকিছুর মাঝেই নিজের যত্ন নেওয়ার কথা অনেক সময় ভুলে যান তারা। তাই নারীদের সুস্থতা ও স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরতেই বিশেষ উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুম্বাইয়ের জুহু সমুদ্রপাড়ে মহিলাদের জন্য বিনামূল্যে একটি যোগব্যায়াম কর্মসূচির আয়োজন করেছেন তিনি। নারীশক্তিকে উদযাপন করার পাশাপাশি সুস্থ জীবনযাপনের বার্তা দিতেই এই উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী।

এই আয়োজনে তার সঙ্গে যুক্ত হয়েছেন উদ্যোক্তা রঞ্জিত বিন্দ্রা। তিনি তার পরিচালনায় রোববার (৮ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে এই বিশেষ যোগব্যায়াম সেশন। উল্লেখ্য, রঞ্জিত বিন্দ্রা অভিনেত্রীর শখের রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’রও অংশীদার।

জানা গেছে, প্রায় ৫০ জন অতিথিকে নিয়ে আয়োজিত হবে এ দিনের যোগব্যায়াম কর্মসূচি। অংশগ্রহণকারীদের জন্য থাকবে বিনামূল্যে কফি এবং স্বাস্থ্যকর বিশেষ পানীয়ের ব্যবস্থাও।



এ উদ্যোগের মধ্য দিয়েই নতুন এক পথচলা শুরু করতে যাচ্ছেন শিল্পা শেঠি। এতদিন তার বাস্তিয়ান মূলত রেস্তোরাঁ ব্যবসাতেই সীমাবদ্ধ ছিল। এবার এটি সুস্বাস্থ্য ও মানসিক সুস্থতার ক্ষেত্রেও কাজ করবে। ফিটনেস ধরে রাখার বিভিন্ন উপকরণও আনার পরিকল্পনা রয়েছে।

শরীরচর্চার প্রতি শিল্পার আগ্রহ নতুন কিছু নয়। জীবনের পঞ্চাশ পার করেও তিনি দারুণ ফিট ও প্রাণবন্ত। তার নির্মেদ শরীর, ফিটনেস এবং ত্বকের ঔজ্জ্বল্যের নেপথ্যে রয়েছে নিয়মিত যোগাসন।

তবে নিজে সুস্থ থাকার পাশাপাশি অন্যদেরও এই অভ্যাসে উৎসাহিত করতে চান এই অভিনেত্রী। বিভিন্ন সময় সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগব্যায়ামের উপকারিতা নিয়েও কথা বলতে দেখা গেছে তাকে।

ব্যস্ত রোজনামচার মাঝেও নিয়মিত শরীরচর্চা করতে ভোলেন না শিল্পা। খাবারের ক্ষেত্রেও তিনি বেশ সচেতন। তার দৈনন্দিন খাদ্যতালিকায় ঘি থাকা প্রায় বাধ্যতামূলক বলেই জানিয়েছেন এই অভিনেত্রী।

এসএস/টিএ

মন্তব্য করুন