© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

শেয়ার করুন:
সিলেটে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৮ এএম | ০৯ মার্চ, ২০২৬
সিলেটের বিশ্বনাথে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আনরপুর ও দশপাইকা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে দুই গ্রামের শিশুদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটি হয়। এর জের ধরে রবিবার রাতে দশপাইকা বাজারে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় চলা এ সংঘর্ষে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সংঘর্ষ থামাতে গিয়ে কয়েকজন মধ্যস্থতাকারীও আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় কিছুটা উত্তেজনা থাকলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান বলেন, বিষয়টি আপোষ-মীমাংসার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

টিজে/টিএ 

মন্তব্য করুন