© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আলতা রাঙা পায়ে নতুন জীবনে অভিনেত্রী অনন্যা গুহ

শেয়ার করুন:
আলতা রাঙা পায়ে নতুন জীবনে অভিনেত্রী অনন্যা গুহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৯ এএম | ০৯ মার্চ, ২০২৬
নতুন জীবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী ও নেটপ্রভাবী অনন্যা গুহ। দীর্ঘদিনের প্রেমিক সুকান্ত কুণ্ডুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। বিয়ের আগের রাতেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার স্ত্রী আচারের ছবি, যা ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

গত কয়েকদিন ধরেই অনন্যার সামাজিক মাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যাচ্ছিল বিয়ের প্রস্তুতির নানা মুহূর্ত। কেনাকাটা থেকে শুরু করে বিয়ের পরিকল্পনা সবকিছুই তিনি ভাগ করে নিচ্ছিলেন অনুসারীদের সঙ্গে। সেই ধারাবাহিকতার মধ্যেই এবার প্রকাশ পেল আলতা পরার অনুষ্ঠানের ছবি। লাল-সাদা শাড়ি আর সোনার গয়নায় ঐতিহ্যবাহী সাজে ধরা দিয়েছেন তিনি। বিয়ের আয়োজনেও ছিল সেই একই আবহ। লাল-সাদা রঙের সাজে সজ্জিত ছিল পুরো বাড়ি, যা যেন আরও গাঢ় করে তুলেছিল বাঙালি সংস্কৃতির ছোঁয়া।

স্ত্রী আচারের অন্যতম মুহূর্তে নিজের হাতে বোন অনন্যার পায়ে আলতা পরিয়ে দেন দিদি অলোকানন্দা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ো স্ত্রীরাও। পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় এই আচার। ছবি প্রকাশের পরই তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকে প্রশংসা করেছেন ঐতিহ্যবাহী এই আয়োজনের জন্য। কারও মতে, বর্তমান সময়ে যখন বিয়ের আগে মেহেন্দির অনুষ্ঠানই বেশি দেখা যায়, সেখানে আলতা পরার এই রীতি পালন করে অনন্যা যেন বাঙালি সংস্কৃতির প্রতি সম্মান জানালেন।



শুধু আলতা পরার অনুষ্ঠানই নয়, এর আগে মা গঙ্গাকে নিমন্ত্রণের মুহূর্তও ভাগ করে নিয়েছেন তিনি। পাশাপাশি ছিল আইবুড়োভাতের আয়োজন। প্রতিটি পর্বের ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে দেখা গেছে তাকে।

গত ফেব্রুয়ারিতে সেরেছিলেন আংটি বদল। সেই বাগদান পর্বের পর থেকেই অনন্যা ও সুকান্তর বিয়ের অপেক্ষায় ছিলেন তাদের অনুসারীরা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। রাত পোহালেই চার হাত এক হবে এই জুটির, আর আলতা রাঙা পা নিয়েই নতুন জীবনে পা রাখতে চলেছেন অনন্যা।

এসএস/টিএ

মন্তব্য করুন