© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারী দিবসে ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জনের

শেয়ার করুন:
নারী দিবসে ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৭ এএম | ০৯ মার্চ, ২০২৬
অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জন সম্প্রতি নিজের জীবনের এক ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করে আলোচনায় উঠে এসেছেন। ডিম্বাণু সংরক্ষণ করানোর সিদ্ধান্ত এবং সেই পুরো প্রক্রিয়ার কঠিন পথচলার কথা তিনি ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে করা সেই পোস্টে নিজের শারীরিক ও মানসিক অভিজ্ঞতার কথা খোলামেলা ভাবে তুলে ধরেছেন এই অভিনেত্রী।

বত্রিশ বছর বয়সি এই তারকা জানান, গত দুই সপ্তাহ তার জন্য ছিল অত্যন্ত কঠিন। প্রতিদিন তাকে মোটা সূচের ইনজেকশন নিতে হয়েছে, যা শারীরিকভাবে বেশ কষ্টদায়ক ছিল। এর পাশাপাশি শরীরে হরমোনের পরিবর্তন, পেট ফোলা, মেজাজের ওঠানামা এবং নিয়মিত নানা ধরনের ওষুধ গ্রহণের মধ্য দিয়েই যেতে হয়েছে তাকে। চিকিৎসার অংশ হিসেবে আইভি ড্রিপও নিতে হয়েছে এবং শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যমে সম্পন্ন হয়েছে ডিম্বাণু সংরক্ষণের প্রক্রিয়া।

সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়া এক ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় বসে খাবার খাচ্ছেন আকাঙ্ক্ষা। সেই ছবির সঙ্গে তিনি জানান, পুরো প্রক্রিয়াটি তিনি আগেভাগে প্রকাশ করার পরিকল্পনা করেননি। তবে আন্তর্জাতিক নারী দিবসে নারীর শক্তি এবং সক্ষমতার কথা মনে করেই এই অভিজ্ঞতা জানানোকে তিনি যথাযথ মনে করেছেন।



আরও একটি ছবিতে তাকে দেখা গেছে শরীরচর্চার পোশাকে। সেখানে তিনি জানান, ধীরে ধীরে আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। যদিও বাড়ির আশপাশে মাত্র কুড়ি মিনিট হাঁটতেও তার বেশ কষ্ট হচ্ছিল। তবুও সেই ছোট্ট পদক্ষেপটিই তার কাছে বড় মনে হয়েছে, কারণ অল্প কিছুদিন আগেই তার শরীর একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে।

এই অভিজ্ঞতার মাধ্যমে আকাঙ্ক্ষা নারীর শক্তি ও সহনশীলতার কথাই তুলে ধরেছেন। তার ভাষায়, নারীর শরীর কতটা সক্ষম এবং শক্তিশালী হতে পারে, সেই উপলব্ধিই তাকে নতুন করে অভিভূত করেছে।

উল্লেখ্য, আকাঙ্ক্ষা রঞ্জনকে শেষবার অভিনয় করতে দেখা গেছে ‘গ্রাম চিকিৎসালয়’ নামের একটি ধারাবাহিকে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও নানা অভিজ্ঞতা নিয়েও তিনি প্রায়ই সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন।

এসএস/টিএ

মন্তব্য করুন