একমঞ্চে রাই-অভিষেক ও নীতা আম্বানি, কোমর দোলালেন ‘সালাম-এ-ইশক’-এর তালে!
ছবি: সংগৃহীত
০৭:৫১ এএম | ০৯ মার্চ, ২০২৬
ভারতের শীর্ষ শিল্পগোষ্ঠী আদানি পরিবারের এক জমকালো বিয়ের আসর ঘিরে এবার আলোচনায় বলিউডের তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। সেই মঞ্চেই তাঁদের সঙ্গে নাচে যোগ দিলেন শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। তিনজনের একসঙ্গে নাচের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
সম্প্রতি শিল্পপতি গৌতম আদানির পরিবারের সদস্য মুদিত আদানির বিয়ের অনুষ্ঠানে নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেই আয়োজনেই একপর্যায়ে সংগীতের তালে মঞ্চে উঠে নাচতে দেখা যায় ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে। তাঁদের সঙ্গে আনন্দঘন সেই মুহূর্তে যোগ দেন নীতা আম্বানিও। তিনজনের স্বতঃস্ফূর্ত নাচে বিয়ের আসরের আবহ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জনপ্রিয় চলচ্চিত্র ‘সালাম-এ-ইশক’-এর শিরোনাম গানের তালে তালে নাচছেন ঐশ্বরিয়া, অভিষেক ও নীতা। বহু বছর আগের এই জনপ্রিয় গানের সুরে তিনজনের প্রাণবন্ত উপস্থিতি অতিথিদের পাশাপাশি অনলাইন জগতের দর্শকদেরও মুগ্ধ করেছে।

রূপালি পর্দায় নৃত্যনৈপুণ্যের জন্য দীর্ঘদিন ধরেই প্রশংসিত ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘উমরাওজান’ কিংবা ‘দেবদাস’-এর পার্বতীর মতো চরিত্রে তাঁর নাচ দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল। তবে সাম্প্রতিক সময়ে বড়পর্দায় তাঁর উপস্থিতি কমে যাওয়ায় এমন নাচের মুহূর্ত খুব বেশি দেখা যায় না। তাই এই বিয়ের অনুষ্ঠানে তাঁর স্বতঃস্ফূর্ত নাচ ভক্তদের কাছে বিশেষ আনন্দের হয়ে উঠেছে।
অন্যদিকে ‘সালাম-এ-ইশক’ ছবিটি মুক্তির সময় বলিউডের বহু তারকার উপস্থিতিতে আলোচনায় ছিল। ছবিটিতে অভিনয় করেছিলেন সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া, অনিল কাপুর ও জুহি চাওলার মতো তারকারা। সেই ছবির জনপ্রিয় গানের সুরে আবারও নাচের মাধ্যমে যেন পুরোনো স্মৃতিকে নতুন করে মনে করিয়ে দিলেন নীতা অম্বানি ও বচ্চন দম্পতি।
এদিকে তারকাদের এই প্রাণবন্ত মুহূর্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। অনেকেই মন্তব্য করেছেন, তারকাদের এমন সহজ-সরল আনন্দঘন উপস্থিতিই বড় আয়োজনকে আরও স্মরণীয় করে তোলে।
পিআর/টিকে