© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায় পা রাখছেন বিক্রম চট্টোপাধ্যায়

শেয়ার করুন:
অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায় পা রাখছেন বিক্রম চট্টোপাধ্যায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪২ এএম | ০৯ মার্চ, ২০২৬
বাংলা বিনোদন অঙ্গনে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজনায় পা রাখছেন তিনি। আর প্রথম প্রযোজনাতেই একের পর এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেতা। তাঁর প্রযোজিত নতুন ধারাবাহিকের নাম ‘তারকাটা’, যেখানে দেখা যাবে এক ভিন্ন স্বাদের রহস্যঘেরা গল্প।

জনপ্রিয় ধারাবাহিকমাধ্যমে প্রচারের জন্য নির্মিত এই সিরিজে পুলিশের তদন্তকে কেন্দ্র করে এগোবে কাহিনি। একটি খুনের রহস্য উন্মোচনের সূত্র ধরেই গল্পের মোড় ঘুরতে থাকবে। সেই তদন্তে জড়িয়ে থাকবে অতীতের নানা অজানা ঘটনা। আর এই রহস্যের কেন্দ্রে থাকবেন এক প্রাক্তন পুলিশ কর্মকর্তা, যে চরিত্রে অভিনয় করছেন নিজেই বিক্রম চট্টোপাধ্যায়।

প্রযোজক হিসেবে প্রথম কাজ হলেও অভিনয় থেকে নিজেকে দূরে রাখছেন না তিনি। বরং এই সিরিজের প্রধান চরিত্রেই দেখা যাবে তাঁকে। গল্প অনুযায়ী, এক খুনের তদন্তে ফের মাঠে নামবেন অবসরপ্রাপ্ত ওই পুলিশ কর্মকর্তা। তদন্ত যত এগোবে, ততই সামনে আসবে তাঁর অতীতের সঙ্গে জড়িয়ে থাকা নানা অন্ধকার অধ্যায়।

এই সিরিজের সবচেয়ে বড় চমকগুলোর একটি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের উপস্থিতি। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত সৃজিত এবার অভিনয়ের পোশাকে হাজির হচ্ছেন। যদিও অতীতে নিজের ছবিতে ছোটখাটো অতিথি চরিত্রে তাঁকে দেখা গেছে, তবে এবার তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।



আরও একটি আকর্ষণ যোগ করেছেন ইন্দো-চীনা বংশোদ্ভূত অভিনেতা ও গায়ক ময়াং চ্যাং। গানের জগতে পরিচিত হলেও অভিনয়েও নিজের জায়গা তৈরি করেছেন তিনি। এই ধারাবাহিকে তাঁকে দেখা যাবে খলচরিত্রে। বিশেষ চমক হিসেবে দর্শক শুনতে পাবেন তাঁর ভাঙা বাংলাও।

পরিচালনায় রয়েছেন শমীক রায়চৌধুরী। কলকাতা ও টাকী এই দুই জায়গায় চলছে ধারাবাহিকটির শুটিং। অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, দেবেশ রায়চৌধুরী, সুস্মিতা রায়, সত্যম ভট্টাচার্য ও আয়ুশ দাস।

প্রযোজনায় আসার কারণ জানাতে গিয়ে বিক্রম চট্টোপাধ্যায় বলেন, নিজের পেশাজীবনে নতুন অভিজ্ঞতা অর্জন করতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি নিজের পছন্দমতো গল্প নিয়ে কাজ করার স্বাধীনতাও তিনি চান। তাঁর আশা, এমন কাজের মাধ্যমে বাংলা বিনোদন অঙ্গনের ভিত্তি আরও শক্ত হবে।


পিআর/টিকে

মন্তব্য করুন