© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘শেষ রাইড’ বলে গতি বাড়িয়ে আইসিইউ-তে ইউটিউবার

শেয়ার করুন:
‘শেষ রাইড’ বলে গতি বাড়িয়ে আইসিইউ-তে ইউটিউবার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৩ এএম | ০৯ মার্চ, ২০২৬
ভারতের দিল্লি-মিরাট হাইওয়েতে নিজের গাড়ি নিয়ে তীব্র গতিতে ছুটছিলেন জনপ্রিয় ইউটিউবার ও বিগ বস খ্যাত অনুরাগ ডোভাল। ভক্তদের কাছে 'ইউকে ০৭ রাইডার' নামেই বেশি পরিচিত। হঠাৎ চলন্ত গাড়ি থেকেই লাইভে এসে সবাইকে চমকে দেন তিনি। 

ভিডিওতে নিজেকে অত্যন্ত একা দাবি করে সবার কাছ থেকে বিদায় নেন অনুরাগ। এরপরই ঘটে সেই রুদ্ধশ্বাস ঘটনা। লাইভ চলাকালীন ‘লাস্ট রাইড’ উল্লেখ করে প্রায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার গতিতে থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনার শিকার হন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।



ভয়াবহ এই দুর্ঘটনার পর রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় অনুরাগকে উদ্ধার করে দ্রুত হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তার ম্যানেজার জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই তারকার বর্তমান অবস্থা নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছিল চরম উদ্বেগ। 

পরে রোববার (৮ মার্চ) সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অনুরাগ। তার বন্ধু যোগেশ কাঠুরিয়া তাকে দেখতে গিয়ে একটি ভিডিও রেকর্ড করেন, যেখানে অনুরাগকে কথা বলতে ও হাসিমুখে দেখা গেছে। মৃত্যুর হাত থেকে ফিরে আসার আবেগে এসময় ক্যামেরার সামনেই কেঁদে ফেলেন এই ইউটিউবার।

অনুরাগের এই চরম পথ বেছে নেওয়ার পেছনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর পারিবারিক কলহের তথ্য। আত্মহত্যার চেষ্টার ঠিক আগে পোস্ট করা একটি ভিডিওতে তিনি নিজের বাবা, মা ও ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, ভিন্ন জাতে বিয়ে করার কারণে তার স্ত্রী ঋতিকা ও তার ওপর পরিবারের পক্ষ থেকে চরম মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল। 

সেই অশান্তি সহ্য করতে না পেরেই তিনি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও তার ভাই এবং নেটিজেনদের একাংশ দাবি করেছেন, পুরো বিষয়টি ভিউ বা প্রচার পাওয়ার জন্য করা একটি নাটক। তবে এই কঠিন সময়ে মুনাওয়ার ফারুকি ও আলি গোনির মতো তারকারা অনুরাগের পাশে দাঁড়িয়েছেন।

পিআর/টিকে

মন্তব্য করুন