৫ কোটি খোরপোশে শেষ হয়েছিল সাইফ-অমৃতার দাম্পত্য জীবন!
ছবি: সংগৃহীত
০৯:৫১ এএম | ০৯ মার্চ, ২০২৬
বলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি সাইফ আলি খান ও অমৃতা সিং। বহু বছর আগে তাঁদের দাম্পত্যের ইতি ঘটলেও সেই সম্পর্ক ঘিরে আলোচনা থামেনি আজও। সম্প্রতি জন্মদিন ঘিরে আবারও আলোচনায় এসেছেন অমৃতা সিংহ। ব্যক্তিগত জীবন থেকে সম্পত্তির পরিমাণ সবকিছু নিয়েই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
সাইফ আলি খানের চেয়ে বয়সে তেরো বছর বড় ছিলেন অমৃতা সিং। তবু প্রেম থেকে বিয়েতে গড়িয়েছিল তাঁদের সম্পর্ক। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০০৪ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এই তারকা জুটি। সেই সময় অমৃতাকে পাঁচ কোটি টাকা খোরপোশ দিয়েছিলেন সাইফ আলি খান।

একটি পুরোনো সাক্ষাৎকারে সাইফ জানিয়েছিলেন, বিচ্ছেদের পর অমৃতাকে আড়াই কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছিলেন তিনি এবং বাকি অর্থও ধাপে ধাপে পরিশোধ করবেন। শুধু তাই নয়, তাঁদের সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান তখন অপ্রাপ্তবয়স্ক থাকায় তাঁদের দেখাশোনার জন্য প্রতি মাসে এক লাখ টাকা করে দিতেন অভিনেতা। পাশাপাশি অমৃতা ও সন্তানদের থাকার জন্য একটি পারিবারিক বাংলোও দেন তিনি।
বিচ্ছেদের পর থেকে দুই সন্তানকে প্রায় একাই বড় করেছেন অমৃতা সিং। সময়ের সঙ্গে সঙ্গে সারা আলি খান ও ইব্রাহিম আলি খান দুজনেই বিনোদন অঙ্গনে নিজেদের পরিচিতি গড়ে তুলেছেন। তবু পরিবারের আর্থিক বিষয়গুলোর অনেকটাই এখনও সামলান অমৃতাই।
অভিনয়জগৎ থেকে অনেকটাই দূরে থাকলেও বিলাসবহুল জীবনযাপনের জন্য বরাবরই পরিচিত অমৃতা সিংহ। বিভিন্ন সময় বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রচারের কাজ করেছেন তিনি। জানা যায়, এসব কাজ থেকেই প্রতি মাসে উল্লেখযোগ্য আয় করেন এই প্রাক্তন অভিনেত্রী।
সম্পত্তির হিসাবেও কম নন অমৃতা। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার মধ্যে বলে শোনা যায়। মুম্বাইয়ের অভিজাত এলাকায় প্রায় তিন কোটি টাকার একটি বাংলো রয়েছে তাঁর। এছাড়াও সম্প্রতি জুহু এলাকায় বিলাসবহুল আবাসনে আঠারো কোটি টাকার একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। এর পাশাপাশি প্রায় দুই কোটি টাকার একটি খামারবাড়িও রয়েছে তাঁর নামে।
দীর্ঘদিন আগে বিচ্ছেদ হলেও সাইফ আলি খান ও অমৃতা সিংএর সম্পর্কের সেই অধ্যায় আজও বলিউডে আলোচনার বিষয়। আর সেই সঙ্গে অমৃতার একক জীবনের গল্পও ভক্তদের কাছে কম আগ্রহের নয়।
পিআর/টিকে