অরিজিৎ-এর সিদ্ধান্তে মুখ খুলেছেন সংগীত পরিচালক ও গায়ক বিশাল দাদলানি
ছবি: সংগৃহীত
১০:৪১ এএম | ০৯ মার্চ, ২০২৬
বছরের শুরুতেই বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তিনি ঘোষণা করেন, আপাতত আর নতুন করে চলচ্চিত্রের জন্য গান গাইবেন না। এই ঘোষণার পর থেকেই সংগীত জগতে শুরু হয় নানা আলোচনা। ভক্তদের একাংশ যেমন হতাশ হয়েছেন, তেমনই অনেকেই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।
অরিজিতের এই সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন সংগীত পরিচালক ও গায়ক বিশাল দাদলানি। একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, অরিজিতের যে কোনও সিদ্ধান্তেই তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। বিশালের কথায়, একজন শিল্পীর নিজের ইচ্ছা ও অনুভূতিকে গুরুত্ব দেওয়া খুবই স্বাভাবিক বিষয়।
অরিজিতের প্রসঙ্গে বিশাল বলেন, সংগীতের জগতে তিনি নিঃসন্দেহে একজন প্রতিভাবান শিল্পী। তাঁর ভাষায়, “অরিজিৎ একজন জিনিয়াস, এতে কোনও সন্দেহ নেই।” তিনি আরও বলেন, জীবনের আসল অর্থ নতুন কিছু খুঁজে পাওয়া। আর সেই খোঁজের পথেই হয়তো এগোতে চাইছেন এই গায়ক।
বিশাল দাদলানি আরও জানান, অরিজিৎ শুধু একজন দক্ষ শিল্পীই নন, তিনি অত্যন্ত ভালো মনের মানুষও। তাই বন্ধু ও সহকর্মী হিসেবে সবসময় তাঁর পাশে থাকবেন বলেও জানিয়েছেন তিনি।

গত ২৭ জানুয়ারি অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন, তিনি আর নতুন কোনও প্লেব্যাক প্রকল্পে চুক্তিবদ্ধ হবেন না। তবে এর অর্থ এই নয় যে তিনি গান তৈরি বন্ধ করে দিচ্ছেন। বরং নিজের স্বাধীন সংগীতচর্চায় আরও বেশি মন দিতে চান তিনি।
এই ঘোষণার কিছুদিন পরেই প্রকাশ পায় তাঁর নতুন স্বাধীন গান ‘রায়না’। গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে অরিজিৎ জানিয়েছেন, তিনি নতুন কাজ না নিলেও আগে রেকর্ড করা অনেক গান এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে।
ফলে ‘তুম হি হো’ বা ‘কেসরিয়া’র মতো জনপ্রিয় গানের কণ্ঠ এখনই চলচ্চিত্রের পর্দা থেকে হারিয়ে যাচ্ছে না। আগামী কয়েক মাস কিংবা আগামী বছরেও তাঁর কণ্ঠে রেকর্ড করা নতুন গান একে একে প্রকাশ পাবে।
পিআর/টিকে