কোয়েল মল্লিকের নতুন যাত্রায় কী বললেন দেব?
ছবি: সংগৃহীত
১১:৫৭ এএম | ০৯ মার্চ, ২০২৬
টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের জীবনে শুরু হলো নতুন অধ্যায়। দীর্ঘদিন অভিনয় জগতে জনপ্রিয়তা ধরে রাখার পর এবার তিনি পা রাখলেন রাজনীতির ময়দানে। সম্প্রতি তাঁকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিনোদন দুনিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা।
কোয়েল মল্লিক এতদিন মূলত চলচ্চিত্র জগতেই নিজের পরিচিতি গড়ে তুলেছেন। জনপ্রিয় নায়িকা হিসেবে দীর্ঘ সময় ধরে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। তাই হঠাৎ তাঁর রাজনীতিতে প্রবেশের খবর অনেকের কাছেই বিস্ময় তৈরি করেছে। নতুন এই সিদ্ধান্ত নিয়ে নানা মহলে চলছে আলোচনা ও বিশ্লেষণ।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ও সাংসদ দেব। কোয়েলের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি এই নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। দেবের মতে, রাজনীতিতে ভালো মানুষের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারাই সাধারণ মানুষের সমস্যাকে কাছ থেকে বুঝতে পারেন।
তবে কোয়েল মল্লিকের নতুন ভূমিকাকে নিয়ে তাড়াহুড়ো করে বিচার না করারও আহ্বান জানিয়েছেন দেব। তাঁর কথায়, রাজনীতি কোয়েলের জন্য সম্পূর্ণ নতুন ক্ষেত্র। তাই তাঁকে সময় দেওয়া দরকার। আগামী কয়েক বছর পরেই বোঝা যাবে, এই নতুন দায়িত্বে তিনি কতটা সফলভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।

অন্যদিকে একই সময়ে রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও। এক ধরনা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্রের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন। রচনার ভাষায়, কেউ যদি ভুল পথে এগিয়ে যান, তবে সময় থাকতেই সেই পথ থেকে ফিরে আসা উচিত।
সব মিলিয়ে বিনোদন জগতের দুই পরিচিত মুখের রাজনৈতিক মন্তব্য ঘিরে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। কোয়েল মল্লিকের রাজনীতিতে প্রবেশ এবং সহকর্মীদের প্রতিক্রিয়া এখন বিনোদন ও রাজনীতির সংযোগস্থলে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।
পিআর/টিকে