ভারত ট্যুরের আগে বড় ঘোষণা শাকিরার!
ছবি: সংগৃহীত
০২:৪৬ পিএম | ০৯ মার্চ, ২০২৬
লাতিন সঙ্গীত জগতের জনপ্রিয় তারকা শাকিরা আবারও ভারতীয় দর্শকের সামনে হাজির হতে চলেছেন। দীর্ঘ উনিশ বছর পর এই সফর ঘিরে ইতিমধ্যেই সঙ্গীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। গানের পাশাপাশি নাচে দক্ষ এই তারকার প্রত্যাবর্তন তাই অনেকের কাছেই বিশেষ আকর্ষণের বিষয় হয়ে উঠেছে।
আগামী দশ এপ্রিল মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে এবং পনেরো এপ্রিল দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে তাঁর গানের আসর আয়োজনের কথা ছিল আগে থেকেই। কিন্তু দর্শকদের আগ্রহ এবং চাহিদা বাড়তে থাকায় সফরের সূচিতে নতুন সংযোজন করেছেন শাকিরা নিজেই। ঘোষণা অনুযায়ী, দশ এপ্রিলের পাশাপাশি এগারো এপ্রিলও মুম্বইয়ের একই স্থানে অনুষ্ঠিত হবে আরেকটি অনুষ্ঠান। ফলে মুম্বইয়ে টানা দুই দিন এবং দিল্লিতে এক দিন মঞ্চে উঠবেন এই লাতিন তারকা।

এই সফরকে ঘিরে ইতিমধ্যেই টিকিটের মূল্য নিয়ে আলোচনা শুরু হয়েছে দর্শকদের একাংশের মধ্যে। কেউ কেউ টিকিটের সংখ্যা বাড়ানোর দাবিও তুলেছেন। যদিও আয়োজকদের মতে, এ ধরনের দাবি বাস্তবসম্মত নয়। তবুও নতুন করে আরেকটি অনুষ্ঠান যোগ হওয়ায় অনেকেই এখন সেই দিনের টিকিট সংগ্রহের অপেক্ষায় রয়েছেন। জানা গেছে, এগারো এপ্রিলের অনুষ্ঠানের সর্বনিম্ন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ছয় হাজার রুপি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের অনুষ্ঠান ভারতে এলে সাধারণত টিকিটের দাম অনেকটাই বেশি থাকে বলেই মনে করছেন আয়োজকেরা।
দীর্ঘ বিরতির পর ভারত সফর নিয়ে নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাকিরা। তাঁর ভাষায়, ভারতে অনুষ্ঠান করতে পারা সব সময়ই আনন্দের অনুভূতি এনে দেয়। এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের কথাও জানিয়েছেন তিনি। অনুষ্ঠানের মাধ্যমে যে অর্থ সংগ্রহ হবে তার একটি অংশ শিশুদের পুষ্টিকর খাদ্যের জন্য দান করা হবে। শাকিরার বিশ্বাস, পৃথিবীর প্রতিটি শিশুর প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি, আর সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
উনিশ বছর আগে শেষবার ভারতে গানের আসর করেছিলেন শাকিরা। এরপর নানা আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিলেও ভারতীয় দর্শকের সামনে আর সরাসরি মঞ্চে ওঠা হয়নি তাঁর। তাই নতুন এই সফর ঘিরে ভারতজুড়ে সঙ্গীতপ্রেমীদের প্রত্যাশা এখন তুঙ্গে। অনেকেই অপেক্ষা করছেন আবারও মঞ্চে সেই পরিচিত কণ্ঠ আর নাচের ঝলক দেখার জন্য।
পিআর/টিকে