অভিনেতা তমাল আর নেই
ছবি: সংগৃহীত
০৪:৫৯ পিএম | ০৯ মার্চ, ২০২৬
ওপার বাংলার প্রখ্যাত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব তমাল রায়চৌধুরী মারা গেছেন। সোমবার ভোররাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সাধারণত ভোরে ঘুম থেকে উঠলেও আজ দেরি হওয়ায় পরিচারিকা তাকে ডাকতে যান।
কোনো সাড়া না পেয়ে চিকিৎসক ডাকা হলে তিনি অভিনেতাকে মৃত ঘোষণা করেন। অভিনেতা দেবদূত ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম এই শোকবার্ত জানান। তিনি লেখেন, ‘আজ ভোরে ঘুমের মধ্যে কোনো কষ্ট না পেয়ে চলে গেলেন আমাদের সকলের প্রিয় অভিনেতা তমাল রায়চৌধুরী।’

বিকেল ৪টায় অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তমাল রায়চৌধুরী। তার শরীরে পেসমেকার বসানো ছিল। অসুস্থতার কারণে ইদানীং তাকে পর্দায় খুব একটা দেখা যেত না। তবে মঞ্চ থেকে রুপালি পর্দা সবখানেই ছিল তার দাপুটে বিচরণ।
‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘জাতিস্মর’, ‘রামধনু’, ‘চাঁদের পাহাড়’ এবং ‘অ্যামাজন অভিযান’-এর মতো জনপ্রিয় সিনেমায় তার অভিনয় দাগ কেটেছে দর্শকদের মনে। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল তথাগত মুখোপাধ্যায়ের ‘ভটভটি’ চলচ্চিত্রে।
এসএন