ইফতার পার্টি থেকে বেরিয়েই মেজাজ হারালেন হিনা খান!
ছবি: সংগৃহীত
০৫:০২ পিএম | ০৯ মার্চ, ২০২৬
ইফতার পার্টিতে গিয়ে ভক্তদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় পরিস্থিতি এতটাই বিশৃঙ্খল হয়ে ওঠে যে শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে ভিড়ের উদ্দেশে চিৎকার করে সবাইকে শান্ত হতে বলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হিনা খান। সেখানে অভিনেত্রীকে এক নজর দেখার জন্য ভক্তদের ভিড় জমে যায়।
অনেকেই তার সঙ্গে নিজস্বী তোলার আশায় এগিয়ে আসেন।
প্রথমে অনুরাগীদের অনুরোধ রাখার চেষ্টা করছিলেন অভিনেত্রী। কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সেখানে উপস্থিত আলোকচিত্রীদের ভিড়ও ক্রমেই বাড়তে থাকে। চারদিকে চিৎকার-চেঁচামেচি ও ধাক্কাধাক্কির কারণে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়।

একপর্যায়ে পরিস্থিতি এমন হয় যে নিরাপত্তারক্ষীরাও ভিড় সামাল দিতে হিমশিম খেতে থাকেন। তখন বাধ্য হয়ে নিজেই এগিয়ে আসেন হিনা খান। তিনি জোরে বলেন, “চুপ, একেবারে চুপ। শান্ত হোন আপনারা।” অভিনেত্রীর কড়া প্রতিক্রিয়ার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, সম্প্রতি ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরও মানসিকভাবে ভেঙে পড়েননি হিনা খান। অসুস্থতার মাঝেও নিজের কাজ চালিয়ে গিয়েছেন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে আবারও নতুন কাজ নিয়ে পর্দায় ফিরবেন এমনটাই আশা করছেন তার ভক্তরা।
এমকে/টিএ