মঞ্চে গান গাইতে গিয়েই কান্নায় ভেঙে পড়লেন সুনিধি চৌহান!
ছবি: সংগৃহীত
০৯:০০ পিএম | ০৯ মার্চ, ২০২৬
মঞ্চে গান গাইতে গিয়েই আবেগে কান্নায় ভেঙে পড়লেন জনপ্রিয় গায়িকা Sunidhi Chauhan। দর্শকদের সামনে দাঁড়িয়ে বারবার ক্ষমাও চাইতে দেখা গেল তাকে। হঠাৎ এমন পরিস্থিতিতে কিছুটা বিব্রতও হয়ে পড়েন গায়িকা।
ভারতীয় গণমাধ্যম এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন শহরে ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান করছেন সুনিধি চৌহান। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে শনিবার উত্তর প্রদেশের শহর Lucknow-এ ছিল তার একটি অনুষ্ঠান।
সেখানে গান পরিবেশন করার সময় হঠাৎই কণ্ঠস্বর ভেঙে যেতে শুরু করে। গাইতে গাইতে সুনিধি জানান, তার গলার অবস্থা খুব একটা ভালো নয়। তবুও দর্শকদের ভালোবাসার কথা উল্লেখ করে তিনি অনুষ্ঠান চালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

কথা বলতে বলতেই আবেগাপ্লুত হয়ে পড়েন গায়িকা। চোখে জল নিয়ে তিনি বলেন, এমন পরিস্থিতির মুখে আগে কখনও পড়েননি তিনি। মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে ক্ষমা চেয়ে বলেন, প্রতিবার গান গাওয়ার সময় তিনি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেদিন কণ্ঠস্বরের সমস্যার কারণে তিনি স্বাভাবিকভাবে গান গাইতে পারছিলেন না।
এরপরও দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি খুব একটা ভালো না হলেও তিনি চেষ্টা করে যাচ্ছেন। একই সঙ্গে সবাইকে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধও জানান।
উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর থেকে নিজের সঙ্গীত সফরের দ্বিতীয় পর্ব শুরু করেছেন সুনিধি চৌহান। মুম্বাইয়ে প্রথম অনুষ্ঠান দিয়ে শুরু হওয়া এই সফরের পর ইতোমধ্যে দিল্লি, বেঙ্গালুরু, আহমেদাবাদ, চেন্নাই, জয়পুর, চণ্ডীগড় ও ইন্দোরসহ একাধিক শহরে গান পরিবেশন করেছেন তিনি। এই ধারাবাহিকতার পরবর্তী আয়োজন হওয়ার কথা রয়েছে কলকাতায়।
এমকে/টিএ