© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে পাম্প মালিকদের ধর্মঘটের ডাক

শেয়ার করুন:
সিলেটে পাম্প মালিকদের ধর্মঘটের ডাক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪২ এএম | ১০ মার্চ, ২০২৬
সিলেট নগরীর একটি পেট্রোল পাম্পে বিক্রয়কর্মীর ওপর হামলা ও ছুরিকাঘাতের প্রতিবাদে প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা পর্যন্ত সিলেট বিভাগের সব পেট্রোল পাম্পে এই প্রতীকী কর্মবিরতি ও ধর্মঘট পালন করা হবে।
 
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোলিয়ামে এই হামলার ঘটনা ঘটে।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমদ এক বিবৃতিতে জানান, সোমবার সন্ধ্যায় উত্তরা পেট্রোলিয়ামে লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করার অনুরোধ করায় কতিপয় উচ্ছৃঙ্খল বখাটে তরুণ পাম্পের বিক্রয়কর্মী মিঠু গোয়ালাকে (২২) মারধর করে গুরুতর আহত করে।
 
নেতৃবৃন্দ বলেন, ‘এ ঘটনাটি বিচ্ছিন্ন নয়। সোমবার শ্রীমঙ্গলের একটি রিফুয়েলিং স্টেশনে এবং রোববার (৮ মার্চ) রাতে সিলেট শহরের আরেকটি রিফুয়েলিং স্টেশনে একইভাবে কর্মচারীদের ওপর হামলা, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এতে পেট্রোল পাম্পের কর্মচারীদের চরম অনিরাপত্তার মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে।’
 
বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে একদিকে মালিক-শ্রমিক রাত-দিন পরিশ্রম করছেন। এছাড়া সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা ও সমন্বয় করে সিলেটে জ্বালানি সরবরাহ বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। এই অবস্থায় পেট্রোল পাম্পের কর্মচারীদের ওপর হামলার ঘটনা খুবই ন্যক্কারজনক।
 
এমন পরিস্থিতিতে রিফুয়েলিং স্টেশন ও কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে সংগঠনটির পক্ষ থেকে এই ধর্মঘট ও কর্মবিরতির ডাক দেয়া হয়। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে ৫ দফা দাবি জানানো হয়েছে।
 
মালিকদের ৫ দফা দাবি: ১. পেট্রোল পাম্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২. হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
৩. বিপিসি আরোপিত অযৌক্তিক দৈনিক কোটা পদ্ধতি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ৪. স্বাভাবিক, বাস্তবসম্মত ও কার্যকর জ্বালানি বিপণন ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। ৫. সিলেট অঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।

এসএস/টিএ

মন্তব্য করুন