© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষোভ অভিনেত্রী তৃষা কৃষ্ণনের

শেয়ার করুন:
ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষোভ অভিনেত্রী তৃষা কৃষ্ণনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৮ এএম | ১০ মার্চ, ২০২৬
তামিল চলচ্চিত্র অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিলেন জ্যেষ্ঠ অভিনেতা আর. পার্থিবন। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অভিনেত্রী তৃষা কৃষ্ণনকে নিয়ে করা তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। সেই মন্তব্যের জবাবে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃষাও।

সম্প্রতি একটি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর. পার্থিবন। সেখানেই পরোক্ষভাবে তৃষাকে উদ্দেশ করে তিনি বলেন, অযথা বিতর্ক এড়াতে হলে তাঁর ঘরেই থাকা ভালো। জনসমক্ষে উপস্থিত হওয়াই নাকি নানা সমস্যার জন্ম দিচ্ছে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন এই জ্যেষ্ঠ অভিনেতা। মুহূর্তেই সেই বক্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে এবং তামিল চলচ্চিত্র মহলে শুরু হয় তীব্র সমালোচনা।

এই বিতর্ক এমন এক সময়ে সামনে এলো, যখন অভিনেতা বিজয়কে ঘিরে তৃষার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে বিজয়ের স্ত্রী সংগীতা নাকি বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এমন খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে।



পুরস্কার অনুষ্ঠানে দেওয়া পার্থিবনের মন্তব্যকে অনেকেই তৃষার ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ হিসেবেই দেখেছেন। বিষয়টি দ্রুত বিতর্কে রূপ নেওয়ার পর অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করেন তৃষা কৃষ্ণন।

প্রতিক্রিয়ায় তিনি জানান, ওই অনুষ্ঠানে তাঁর নাম ও উপস্থিতির বিষয়টি নাকি শেষ মুহূর্তে কারও অনুরোধে সহকারীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল। পাশাপাশি পার্থিবনের মন্তব্যের কঠোর সমালোচনাও করেন তিনি। তৃষার কথায়, হাতে মাইক্রোফোন থাকলেই কোনও মন্তব্য বুদ্ধিদীপ্ত বা রসিক হয়ে ওঠে না; বরং অজ্ঞতা থেকে বলা অশালীন কথা অনেক সময় বক্তার চরিত্রকেই প্রকাশ করে।

তৃষার এই মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, ব্যক্তিগত জীবন নিয়ে চলমান জল্পনা ও সমালোচনায় তিনি বেশ ক্ষুব্ধ। ঘটনাটি এখন তামিল চলচ্চিত্র মহলের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। একই সঙ্গে বিজয় ও তৃষাকে ঘিরে চলা গুঞ্জনও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

এসএস/টিএ

মন্তব্য করুন