সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়তে যাচ্ছেন অনিরুদ্ধ রবিচন্দর
ছবি: সংগৃহীত
০৪:৫৬ এএম | ১০ মার্চ, ২০২৬
ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। শোনা যাচ্ছে, আসন্ন সিনেমা ‘এএ২৩’-এর সংগীত পরিচালনার জন্য তিনি নিচ্ছেন প্রায় ২৫ কোটি রুপি পারিশ্রমিক। এই বিপুল অঙ্কের পারিশ্রমিক তাকে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সংগীত পরিচালকের আসনে বসাতে চলেছে বলে আলোচনা চলছে।
এই সিনেমায় অভিনয় করছেন দক্ষিণের তারকা আল্লু অর্জুন এবং পরিচালনায় রয়েছেন খ্যাতনামা নির্মাতা লোকেশ কানাগারাজ। তারকা, নির্মাতা এবং সংগীত পরিচালকের এই সমন্বয়কে ইতোমধ্যেই ভক্তরা স্বপ্নের দল হিসেবে অভিহিত করছেন।
গত ১৪ জানুয়ারি প্রকাশিত হয় সিনেমাটির ঘোষণা ভিডিও। সেখানে শোনা যায় ‘২৩ থিম’ নামের একটি শক্তিশালী সংগীতাংশ, যা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সংগীতের ঝলকই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে অনিরুদ্ধ রবিচন্দর বড় বাজেটের একাধিক আলোচিত সিনেমায় সংগীত দিয়ে ব্যাপক সাফল্য পেয়েছেন। বিশেষ করে জেলার এবং লিও সিনেমার সংগীত ব্যাপক জনপ্রিয়তা পায়। তার তৈরি গান ও আবহসংগীত নিয়মিতভাবেই বিভিন্ন সঙ্গীতমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শীর্ষে জায়গা করে নেয়।
জনপ্রিয় ও সহজে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ার মতো সংগীত তৈরির ক্ষমতার কারণেই বড় বাজেটের চলচ্চিত্র নির্মাতাদের প্রথম পছন্দ হয়ে উঠেছেন অনিরুদ্ধ। ফলে ‘এএ২৩’-এর সংগীত নিয়েও দর্শক ও ভক্তদের প্রত্যাশা এখন তুঙ্গে।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, লোকেশ কানাগারাজের অ্যাকশনঘন নির্মাণশৈলী, আল্লু অর্জুনের তারকাখ্যাতি এবং অনিরুদ্ধ রবিচন্দরের সংগীত-এই তিনের সমন্বয়ে ‘এএ২৩’ ইতোমধ্যেই ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে।
এমআই/টিএ