© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে ছিনতাই হওয়া পুলিশের পিস্তল উদ্ধার, আটক ৩

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে ছিনতাই হওয়া পুলিশের পিস্তল উদ্ধার, আটক ৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৪ এএম | ১০ মার্চ, ২০২৬
নারায়ণগঞ্জে এক পুলিশ কর্মকর্তার কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তলটি ২৪ ঘণ্টার ব্যবধানে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকার একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়।

এর আগে সোমবার সন্ধ্যা ও রাতে পৃথক অভিযানে জড়িতদের আটক করে সদর মডেল থানা-পুলিশ। আটক ব্যক্তিরা হলেন– শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. বিশাল (৩১), ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মেদ (২৩) ও হাসান (২১)।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে জেলা পুলিশ, থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে নামে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় বন্দর উপজেলার সোনাকান্দা বেপারীপাড়া এলাকা থেকে প্রথমে বিশালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ফতুল্লার কাশীপুর এলাকা থেকে ফরহাদ ও হাসানকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে রাত আড়াইটার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজনই অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে বিশাল ইতোমধ্যে ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। অন্য দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্র জানায়, গত সোমবার ভোরের দিকে শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে টহলরত অবস্থায় এসআই লুৎফর রহমানের পথরোধ করে তিন দুর্বৃত্ত। তারা ধারালো অস্ত্র দিয়ে হামলার চেষ্টা করলে তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। এ সময় তার মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয় এবং একপর্যায়ে দুর্বৃত্তরা তার কাছে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এসএস/টিএ

মন্তব্য করুন