মুক্তির আগেই তুমুল সাড়া, অগ্রিম বুকিংয়ে ইতিহাস গড়ার পথে ‘ধুরন্ধর’
ছবি: সংগৃহীত
০৫:১০ এএম | ১০ মার্চ, ২০২৬
বলিউড তারকা রণবীর সিং অভিনীত বহুল আলোচিত গুপ্তচরভিত্তিক অ্যাকশন সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগেই বক্স অফিসে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। আগামী ১৯ মার্চ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও এর অগ্রিম টিকিট বিক্রি ঘিরেই ইতোমধ্যে নতুন রেকর্ডের সম্ভাবনা তৈরি হয়েছে।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, অগ্রিম বুকিং শুরু হওয়ার প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই সারা ভারতে প্রায় এক লাখ ৭৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। এতে আয় হয়েছে প্রায় আট কোটি রুপি নিট। ফলে মুক্তির আগেই সিনেমাটি আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
বর্তমানে অগ্রিম প্রদর্শনীর আয় থেকে সর্বোচ্চ রেকর্ড রয়েছে স্ত্রী ২-এর দখলে, যার আয় ছিল প্রায় আট কোটি পঁচাত্তর লাখ রুপি। তবে বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, বুকিং শুরুর প্রায় ২৮ ঘণ্টার মধ্যেই সেই রেকর্ড ভেঙে দিতে পারে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

অগ্রিম টিকিটের সবচেয়ে বেশি চাহিদা দেখা গেছে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো বড় মহানগরগুলোতে। তবে ছোট শহরগুলোর দর্শকরাও অগ্রিম বুকিংয়ে উল্লেখযোগ্য সাড়া দিচ্ছেন বলে জানা গেছে।
বড় অংশের টিকিট বিক্রি হয়েছে দেশের শীর্ষ প্রেক্ষাগৃহ চেইন পিভিআর ইনক্স এবং সিনেপোলিস-এ। এই দুটি প্রতিষ্ঠান মিলেই মোট আয়ের প্রায় ৭৫ শতাংশ এবং প্রায় এক লাখ ২৫ হাজার টিকিট বিক্রির হিস্যা দখল করেছে।
বিশেষজ্ঞদের মতে, অগ্রিম প্রদর্শনীর টিকিটের দাম স্বাভাবিকের তুলনায় বেশি হলেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। ইতোমধ্যে প্রায় ছয় হাজারের বেশি প্রদর্শনী অগ্রিম প্রদর্শনের জন্য নির্ধারণ করা হয়েছে। মুক্তির দিন ঘনিয়ে এলে প্রেক্ষাগৃহের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে মুক্তির আগেই যে গতি নিয়ে টিকিট বিক্রি হচ্ছে, তাতে রণবীর সিংয়ের এই অ্যাকশনধর্মী সিনেমাটি ২০২৬ সালের সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের একটি সিনেমা হয়ে উঠতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকেরা। বর্তমান ধারা অব্যাহত থাকলে মুক্তির প্রথম সপ্তাহান্তের আগেই নতুন একাধিক রেকর্ড গড়তে পারে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
এমআই/টিএ