অভিনয়ের পর এবার উদ্যোক্তা আমরুতা খানভিলকার
ছবি: সংগৃহীত
০৬:০৪ এএম | ১০ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে নতুন পরিচয়ে সামনে এলেন জনপ্রিয় অভিনেত্রী আমরুতা খানভিলকার। অভিনয়ের পাশাপাশি এবার উদ্যোক্তা হিসেবেও যাত্রা শুরু করলেন তিনি।
এদিন নিজের শাড়ির ব্র্যান্ড ‘অমূল্যা’ চালুর ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি তার অভিনীত ওয়েব ধারাবাহিক টাস্কারি এবং স্পেস জেনারেল চন্দ্রযান দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সেই সাফল্যের ধারাবাহিকতার মধ্যেই নিজের কর্মজীবনে নতুন একটি মাইলফলক যোগ করলেন আমরুতা।

অভিনেত্রীর মতে, শাড়ি তার জীবনে সবসময়ই বিশেষ আবেগের জায়গা দখল করে আছে। তিনি মনে করেন, শাড়ি কেবল একটি পোশাক নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে স্মৃতি, সংস্কৃতি এবং ব্যক্তিগত পরিচয়ের গল্প। তাই এই ঐতিহ্যবাহী পোশাককে কেন্দ্র করেই নিজের নতুন উদ্যোগ শুরু করার সিদ্ধান্ত নেন তিনি।
‘অমূল্যা’ ব্র্যান্ডের মাধ্যমে ঐতিহ্যবাহী কারুশিল্প ও নকশাকে সামনে আনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শাড়িগুলোকে মার্জিত, অর্থবহ এবং সহজলভ্য রাখার দিকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন আমরুতা। তার লক্ষ্য, আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ে এমন নকশা তৈরি করা যা বিভিন্ন বয়সের নারীদের কাছে সমানভাবে আকর্ষণীয় হয়ে উঠবে।
এদিকে ব্র্যান্ডটির প্রসার ঘটাতে বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি বিভিন্ন শহরে অস্থায়ী প্রদর্শনী ও সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমেও ‘অমূল্যা’কে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়ার কথা ভাবছেন এই অভিনেত্রী।
আমরুতা আশা, প্রতিটি শাড়ির পেছনে থাকা শিল্প, সৌন্দর্য ও গল্পকে যারা মূল্য দেন-তাদের সঙ্গে এই ব্র্যান্ড গভীর সংযোগ তৈরি করতে পারবে।
এমআই/টিএ