© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে ১২ ককটেলসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

শেয়ার করুন:
যশোরে ১২ ককটেলসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৩ পিএম | ১০ মার্চ, ২০২৬
যশোরের অভয়নগরে ১২টি বোমা সদৃশ ককটেলসহ একাধিক মামলার পলাতক আসামি সুলতান গাজীকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর। সোমবার (৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার র‌্যাব-৬, সিপিসি-৩ যশোরের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আহসান হাবীব বাদী হয়ে সুলতান গাজীর বিরুদ্ধে অভয়নগর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সকালে অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক সুলতান গাজী সিদ্ধিপাশা ইউনিয়নের আড়পাড়া গ্রামের গফ্ফার গাজীর ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র, সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে সামাদ গাজীর পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় একাধিক মামলার পলাতক আসামি সুলতান গাজীকে গ্রেপ্তার করা হয়।

পরে তার স্বীকারোক্তি মোতাবেক একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে লাল রঙের কসটেপ দিয়ে পেঁচানো ১২টি (বার) বোমা সদৃশ ককটেল উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘১২টি ককটেলসহ সুলতান গাজী নামে এক পলাতক আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোরের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. আহসান হাবীব বাদী হয়ে মামলা দায়ের করেন। আটক সুলতান গাজীর বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র, সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে।’

কেএন/টিকে


মন্তব্য করুন