© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘রোম্যান্স নেই, আবেগ নেই’, বর্তমান বলিউড নিয়ে ক্ষোভ কারিনার!

শেয়ার করুন:
‘রোম্যান্স নেই, আবেগ নেই’, বর্তমান বলিউড নিয়ে ক্ষোভ কারিনার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৪ পিএম | ১০ মার্চ, ২০২৬
বলিউডের বর্তমান সিনেমায় অতিরিক্ত সহিংসতা ও আগ্রাসনের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। তার মতে, সাম্প্রতিক সময়ে হিন্দি সিনেমায় রোম্যান্স ও আবেগের জায়গা অনেকটাই কমে গেছে; বরং গল্পে প্রাধান্য পাচ্ছে রক্তাক্ত সহিংসতা ও তীব্র অ্যাকশন দৃশ্য।

এক সাক্ষাৎকারে করিনা বলেন, একসময় মূলধারার বলিউড সিনেমা মানেই ছিল রঙিন আবহ, আবেগঘন মুহূর্ত, গান ও রোম্যান্সে ভরা গল্প। কিন্তু এখনকার অনেক সিনেমায় সেই আবেগের জায়গা ক্রমেই কমে যাচ্ছে। তার মতে, দর্শক একসময় হিন্দি সিনেমাকে প্রাণবন্ত ও আবেগময় গল্পের জন্যই ভালোবাসতেন।

গত কয়েক বছরে বড় পর্দায় অ্যাকশনধর্মী ছবির আধিপত্য বেড়েছে। বিশেষ করে শাহরুখ খান অভিনীত পাঠান ও জওয়ান, সানি দেওল অভিনীত গদর ২ এবং রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে। এসব সিনেমায় তীব্র অ্যাকশন ও শক্তিশালী পুরুষ চরিত্রের উপস্থিতি নতুন এক প্রবণতা তৈরি করেছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

এদিকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রণবীর সিং অভিনীত ধুরন্ধর নিয়েও একই ধরনের আলোচনা শুরু হয়েছে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যের তীব্রতা ও সহিংসতার মাত্রা নিয়েও সমালোচনা করেছেন কেউ কেউ।



কারিনা বলেন, এখনকার অনেক ছবিতে গল্পের আবেগঘন মুহূর্ত বা সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো আগের মতো গুরুত্ব পাচ্ছে না। বরং চিত্রনাট্যে অ্যাকশন ও সহিংসতাই বেশি জায়গা নিচ্ছে। তার এই মন্তব্যে ওই সাক্ষাৎকারে উপস্থিত অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন ও অনন্যা পান্ডে সমর্থন জানান।

কারিনার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন, তার এই বক্তব্যে সাম্প্রতিক অ্যাকশনধর্মী সিনেমাগুলোর প্রতি ইঙ্গিত রয়েছে। আবার অনেকের মতে, নিজের আত্মীয় হওয়া সত্ত্বেও রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ ঘিরে তৈরি হওয়া বিতর্কের কথাও যেন স্মরণ করিয়ে দিয়েছেন করিনা।

তবে অভিনেত্রীর ভক্তদের একাংশের মতে, বলিউডের সামগ্রিক ধারা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাদের মতে, রোম্যান্স ও আবেগের ঐতিহ্য ফিরিয়ে আনলে হিন্দি সিনেমা আবারও দর্শকদের কাছে নতুনভাবে জনপ্রিয়তা পেতে পারে।

এমকে/টিএ

মন্তব্য করুন