ট্রেলার দেখেই ঘুম হারাম! 'প্রিন্স' নিয়ে উত্তেজনায় অনন্য মামুন
ছবি: সংগৃহীত
০৮:১০ পিএম | ১০ মার্চ, ২০২৬
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ মুক্তির অপেক্ষায় আছে। আসন্ন রোজার ঈদে ছবিটি দেশজুড়ে মহা সমারোহে প্রদর্শিত হবে। সব জটিলতা শেষে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়তে যাচ্ছে সিনেমাটি।
সিনেমার প্রচারণায় সরব হয়েছেন পরিচালক ও অভিনেতা অনন্য মামুন। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে তিনি জানান, ‘প্রিন্স’ সেন্সরে যাচ্ছে এবং ট্রেলার দেখলে দর্শকদের ঘুম হারাম হয়ে যাবে। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে হাজার হাজার মন্তব্য, শেয়ার ও রিঅ্যাকশনে ভরে যায়।
বিনোদন সাংবাদিক অনিন্দ্য মামুন প্রশ্ন তুলেছেন, সিনেমার দুটি গানের শুটিং, অনেক দৃশ্য এবং ভিএফএক্সের কাজ এখনও বাকি থাকায় কি ছবিটি সেন্সরে পাঠানো হচ্ছে। এই প্রশ্নের জবাবে অনন্য মামুন লিখেছেন, ‘‘শোনা কথা কান দিলে ভুল করবেন। মনে রাখবেন আমি জেনে কথা বলি, শোনা কথা নয়। আমি সিনেমায় ১৭ বছর কাজ করেছি, জানি কাজ কিভাবে হয় সাংবাদিক সাহেব।’’

এর আগে সিনেমার মোশন লুক প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ক্যাপশনে পরিচালক ও কলাকুশলীরা লিখেছেন, ‘সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’ এই লাইনেই চরিত্রের দাপট এবং গল্পের আবহের ইঙ্গিত পাওয়া গেছে। প্রকাশের পরপরই মোশন লুকটি ভাইরাল হয়ে যায়।
শিরিন সুলতানার প্রযোজনায় এবং ক্রিয়েটিভ ল্যান্ড ব্যানারে নির্মিত ‘প্রিন্স’-এর একটি অংশের শুটিং ইতিমধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় শেষ হয়েছে। বাকি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। সিনেমার ট্যাগলাইন ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ গল্পের প্রেক্ষাপট ও সময়কাল নিয়ে দর্শকের কৌতূহল বাড়াচ্ছে।
সিনেমায় শাকিব খানর বিপরীতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। এছাড়া উপস্থিত আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজ।
এমকে/টিএ