‘প্রশাসনের সঙ্গে ঠোকাঠুকি লাগতেই পারে’, বললেন অনির্বাণ
ছবি: সংগৃহীত
০৮:৪১ পিএম | ১০ মার্চ, ২০২৬
সম্প্রতি মঞ্চে নিজের ব্যান্ড ‘হুলিগানইজ়ম’–এর পরিবেশনা ও নানা বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তাঁর মতে, প্রশাসন বা সিস্টেমের সঙ্গে মতের সংঘাত থাকতেই পারে, আর সেই অন্তর্ঘাতের মধ্যেই শিল্পীর বেঁচে থাকা।
অনির্বাণ বলেন, “আমরা জানি সিস্টেম আমরা বদলাতে পারব না। কেউই পারবে না। তবে সিস্টেম, প্রশাসন বা সমাজের সঙ্গে ঠোকাঠুকি লাগতেই পারে। এই অন্তর্ঘাতেই তো আমাদের অস্তিত্ব বেঁচে থাকে।”
সম্প্রতি কলকাতার কলামন্দির-এ ‘হুলিগানইজ়ম’-এর একটি অনুষ্ঠানকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়। ব্যান্ডের গানে সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গ তুলে ধরা হয়, যা নিয়ে নানা বিতর্কও তৈরি হয়েছে। তবে অনির্বাণ মনে করেন, এই ব্যঙ্গ বা বক্তব্য তাঁর অভিনয়জীবনের সঙ্গে কোনও সংঘাত তৈরি করে না।

তিনি বলেন, “আমি আগে একজন অভিনেতা। অভিনয় করতে পারছি কি পারছি না সেটা অন্য বিষয়। কিন্তু দর্শক কখনও ‘হুলিগানইজ়ম’ আর আমার অভিনয়ের মধ্যে দ্বন্দ্ব দেখেন না।”
রবীন্দ্রসংগীতের সুর ব্যবহার করে নতুনভাবে গান পরিবেশন নিয়েও প্রশ্ন উঠেছিল। এ প্রসঙ্গে অনির্বাণের বক্তব্য, সংস্কৃতি কখনও স্থির নয়। সময়ের সঙ্গে নতুনভাবে তা ব্যাখ্যা করা এবং পরীক্ষা-নিরীক্ষা করাই শিল্পের স্বাভাবিক প্রবাহ।
দীর্ঘ সময় ধরে বিনোদন জগতে থাকার ফলে ট্রোল বা সমালোচনার সঙ্গেও অভ্যস্ত হয়ে গেছেন বলেও জানান তিনি। তাঁর কথায়, “ট্রোল বা কটাক্ষ ভয় পেলে আর কাজ করা যাবে না।”
সবশেষে অনির্বাণ বলেন, সিস্টেম বদলানোর স্বপ্ন হয়তো বাস্তব নয়, কিন্তু প্রশ্ন তোলা, ব্যঙ্গ করা এবং আলোচনার জন্ম দেওয়াই শিল্পীর কাজ আর সেই পথেই এগোতে চান তিনি ও তাঁর ব্যান্ড।
এমকে/টিএ