© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রায় ৪ দশক পর আবারও বড় পর্দায় একসঙ্গে কমল হাসান ও রজনীকান্ত!

শেয়ার করুন:
প্রায় ৪ দশক পর আবারও বড় পর্দায় একসঙ্গে কমল হাসান ও রজনীকান্ত!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৬ এএম | ১১ মার্চ, ২০২৬
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে ঐতিহাসিক এক পুনর্মিলনের খবর ছড়িয়ে পড়েছে। প্রায় চার দশক পর আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা পেতে যাচ্ছে দুই কিংবদন্তি অভিনেতা কমল হাসান ও রজনীকান্ত- কে। বহুল আলোচিত এই নতুন ছবিটি পরিচালনা করবেন নেলসন দিলীপকুমার। আপাতত ছবিটিকে অস্থায়ীভাবে কেএইচ × আরকে নামে উল্লেখ করা হচ্ছে।

চলচ্চিত্র অঙ্গনের সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, নির্মাতারা ছবিটি ২০২৭ সালের বড় কোনো উৎসবকে কেন্দ্র করে মুক্তির পরিকল্পনা করছেন। বিশেষ করে দশেরা অথবা দীপাবলি- র সময় ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। জানা গেছে, ২০২৬ সালের আগস্টে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে করে নির্মাতাদের হাতে পর্যাপ্ত সময় থাকবে বড় উৎসব উপলক্ষে ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করতে।

তবে শুরুতে ছবিটি পরিচালনার জন্য ভাবা হয়েছিল আরেক জনপ্রিয় নির্মাতা লোকেশ কানাগরাজ- এর নাম। পরে দুই কিংবদন্তি অভিনেতা একসঙ্গে আলোচনার পর পরিচালনার দায়িত্ব দেওয়া হয় নেলসন দিলীপকুমার- কে। অ্যাকশন, হাস্যরস ও বিনোদনের মিশেলে গল্প বলার জন্য তিনি ইতিমধ্যে দর্শকদের কাছে পরিচিত। সম্প্রতি প্রকাশিত ঘোষণার প্রচারণা ভিডিও দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।



ছবিটি ঘিরে আরেকটি আকর্ষণীয় তথ্যও সামনে এসেছে। শুরুতে ছবিটির নাম ভাবা হয়েছিল আরকে × কেএইচ। তবে পরে রজনীকান্ত নিজেই প্রস্তাব দেন নামের ক্রম পরিবর্তন করে কেএইচ × আরকে রাখা হোক, কারণ তিনি মনে করেন চলচ্চিত্র অঙ্গনে সিনিয়রিটির দিক থেকে কমল হাসান আগে রয়েছেন।

বহুল প্রতীক্ষিত এই ছবিটি প্রযোজনা করছে রেড জায়ান্ট মুভিজ। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র। অন্যদিকে পরিচালক নেলসন দিলীপকুমার বর্তমানে ছবিটির সহশিল্পীদের তালিকা চূড়ান্ত করার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ভারতীয় চলচ্চিত্রের দুই মহাতারকার দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় ফেরার সম্ভাবনায় ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে ছবিটি ২০২৭ সালের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর একটি হয়ে উঠতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।

এসকে/টিএ

মন্তব্য করুন