© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যরাতে লাইভে এসে দেবিদ্বারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ

শেয়ার করুন:
মধ্যরাতে লাইভে এসে দেবিদ্বারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩০ এএম | ১১ মার্চ, ২০২৬
মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের নির্বাচনী এলাকা কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেবীদ্বারের সব সরকারি কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে হাসনাত আবদুল্লাহ বলেন, গত ১৭ ফেব্রুয়ারি তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেয়ার পর প্রায় তিন সপ্তাহে তিনি মূলত এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে ধারণা নেয়ার কাজ করছেন।

লাইভে তিনি জানান, দেবীদ্বার উপজেলায় বর্তমানে বিভিন্ন প্রকল্পের অধীনে একাধিক সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব কাজ মূলত সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এসব প্রকল্পের অগ্রগতি ও বরাদ্দের তথ্য জনগণের কাছে নিয়মিত প্রকাশ করা হবে।

সংসদ সদস্য বলেন, দেবীদ্বারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাটের দুরবস্থা। বিভিন্ন ইউনিয়নে অনেক সড়কের অবস্থা খারাপ হলেও পর্যায়ক্রমে সেগুলোর উন্নয়ন করা হবে। তিনি বলেন, বর্তমানে কয়েকটি প্রকল্পের অধীনে একাধিক সড়কের কাজ চলছে এবং বর্ষার আগেই অনেকগুলো কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

হাসনাত আবদুল্লাহ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে বলেন, কাজের গুণগত মান বজায় রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। একই সঙ্গে একাধিক প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে ধীরগতিতে কাজ করার প্রবণতা থেকেও ঠিকাদারদের বিরত থাকার আহ্বান জানান তিনি।

লাইভে তিনি ঈদ উপলক্ষে দেবীদ্বার পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণের জন্য বরাদ্দ দেয়া ভিজিএফ কার্ডের তথ্যও তুলে ধরেন।

তিনি বলেন, পৌরসভায় ৩ হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ২০ হাজার ৬৩৫টি কার্ড বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেয়া হবে। তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, প্রকৃত উপকারভোগীদের মধ্যেই এসব কার্ড বিতরণ নিশ্চিত করতে হবে।

এ ছাড়া কাবিখা কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নে খাদ্যশস্য বরাদ্দ দিয়ে ১০টি অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়নের কথাও জানান তিনি। পাশাপাশি দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

সংসদ সদস্য বলেন, দেবীদ্বারের সব সরকারি কার্যক্রমের তথ্য ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হবে। এতে বরাদ্দ, প্রকল্পের অগ্রগতি এবং সরকারি সহায়তার তথ্য জনগণ জানতে পারবেন।

লাইভে তিনি স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের কিছু সচিব ও পৌরসভার কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কথা উল্লেখ করে সতর্কবার্তাও দেন।

শেষে হাসনাত আবদুল্লাহ বলেন, তার মূল লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, যাতে সরকারি অর্থ ও সেবার সুবিধা সরাসরি জনগণের কাছে পৌঁছে যায়।

এমআর/টিএ 

মন্তব্য করুন