নিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেল কোস্ট গার্ড সদস্যের
ছবি: সংগৃহীত
০৮:৫২ পিএম | ১১ মার্চ, ২০২৬
বাগেরহাটের মোংলায় দায়িত্ব পালনকালে নিজের অস্ত্রের গুলিতে সালেহ আহমেদ (৪২) নামের এক কোস্ট গার্ড সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মার্চ ) সকাল সাড়ে ৭টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে দায়িত্ব পালনকালে সালেহ আহমেদ নিজের কাছে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে গুলি করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গুলির শব্দ শুনে আশপাশে থাকা কোস্ট গার্ড সদস্য ও কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত খুলনার উপশম হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর তার মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রস্তুতি চলছে। এখান থেকে ডাক্তারি মৃত্যু সনদ সংগ্রহের পর ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ‘শুনেছি কোস্ট গার্ড সদস্য সালেহ আহমেদ নিজ হাতে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।’
ইউটি/টিএ