© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

শেয়ার করুন:
পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৯ এএম | ১২ মার্চ, ২০২৬
রাজনৈতিক পদ-পদবির মোহ থেকে দূরে থেকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতিকে রক্ষার লক্ষ্যে একটি শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার (১১ মার্চ) রাজধানীর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘আমরা শুধু সংগঠন করার জন্য বা নামের আগে কোনো পদবি লাগানোর জন্য এই সংগঠন করতে চাই না। এখন আমাদের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এ কারণে অনেকেই এসে আমাদের সঙ্গে ভিড় করবে, যুক্ত হতে চাইবে। এ বিষয়ে আমরা অত্যন্ত সতর্ক থাকব।’

তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই রাষ্ট্রটির বিরুদ্ধে সীমাহীন ষড়যন্ত্র হয়ে আসছে। বিভিন্ন সময়ে আধিপত্যবাদী শক্তি দেশের ওপর প্রভাব বিস্তার করেছে, রাজনীতিতে হস্তক্ষেপ করেছে এবং জনগণের অধিকার লুণ্ঠন করেছে। বিগত ১৭ বছর ধরে বাংলাদেশকে খুন-খারাবি ও হত্যার নগরীতে পরিণত করা হয়েছিল। এ সময় মুক্তিযুদ্ধকে ব্যবহার ও বিকৃত করা হয়েছে, যার ফলে পবিত্র মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ইশরাক হোসেন বলেন, এমন একটি সংগঠন গড়ে তোলা হবে, যাতে দেশের প্রয়োজনে বা কোনো সংকটে মুক্তিযুদ্ধের প্রজন্ম সবার আগে ঢাল হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, ‘আমাদের বাবারা, দাদারা সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন। ভবিষ্যতে দেশ যদি কোনো হুমকির মুখে পড়ে, তবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম যেন সবার আগে দেশের পক্ষে দাঁড়াতে পারে– সেই লক্ষ্যেই আমরা দেশব্যাপী এই সংগঠন গড়ে তুলতে চাই।’

সংগঠনটিকে রাজনৈতিক ক্যারিয়ার গড়ার মাধ্যম হিসেবে ব্যবহার করার কোনো ইচ্ছা নেই উল্লেখ করে তিনি জানান, পবিত্র রমজান মাস চলায় ঈদের পর সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পুরোদমে শুরু করা হবে। কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে জেলা ও মহানগরসহ বিভিন্ন ইউনিটে সম্মেলনের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নিয়ে শক্তিশালী সংগঠন গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজুল উলফাত এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সদস্যসচিব অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নু প্রমুখ।

এমআর/টিএ 

মন্তব্য করুন