ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৯:৩৫ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করায় মো. হুমায়ুন কবির ডিউক (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত হুমায়ুন কবির ডিউক উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের মো. বক্তার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে হুমায়ুন কবির ডিউক তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য সংবলিত একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫(১) ধারায় ওয়েবসাইট বা ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক, মিথ্যা বা মানহানিকর তথ্য-উপাত্ত প্রেরণ, প্রকাশ বা প্রচারের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা জানান, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
আরআই/টিএ