© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেন্ডার না পেয়ে চিকিৎসককে যুবদল নেতার হুমকি, চিকিৎসা সেবা বন্ধ

শেয়ার করুন:
টেন্ডার না পেয়ে চিকিৎসককে যুবদল নেতার হুমকি, চিকিৎসা সেবা বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫০ এএম | ১২ মার্চ, ২০২৬
নীলফামারীর কিশোরগঞ্জে টেন্ডার না পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেবকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানসহ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসক ও নার্সরা সকাল থেকে কর্ম বিরতি পালন করছেন।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এমন চিত্র দেখা যায়। এতে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন।

জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সামগ্রী সরবরাহের টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশের পরে দশটি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সেখানে কাজ পায় বাঁধন ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে মেধা কনস্ট্রাকশন কাজ না পাওয়ায় গতকাল সকাল ১১টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলমাস উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমানসহ কয়েকজন ব্যক্তিকে নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে যান। এসময়ে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কেন কাজ দেওয়া হলো না সেটি জানতে চান। একপর্যায়ে যুবদল নেতাসহ সঙ্গে থাকা কয়েকজন ক্ষিপ্ত হয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে টেন্ডার না দেওয়ায় মারধরের হুমকি দেন।

চিকিৎসা নিতে আসা মতিউর রহমান বলেন, সকালে হাসপাতালে এসেছি, এখানে চিকিৎসক বসেনি এজন্য ফিরে যাচ্ছি। শুনলাম চিকিৎসককে কেউ হুমকি দিয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার বুলবুল আহমেদ বলেন, গতকাল সকালে আমরা স্যারসহ হাসপাতালের একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এ সময়ে হঠাৎ করে যুবদলের হাসানুরসহ কয়েকজন এসে টেন্ডার না পাওয়ার কারণে স্বাস্থ্য কর্মকর্তাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। এসময়ে তারা বলেন, টেন্ডার আমাদের দিতে হবে। এখন টেন্ডার হয়েছে, সেটি স্থগিত করে আমাদের নামে দেন। স্বচ্ছভাবে টেন্ডার হয়েছে তবুও তাদের এমন একটা অপ্রীতিকর ঘটনা ঘটানোয় আমরা অবাক হয়েছি।

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লিপি বেগম বলেন, গতকাল আমাদের স্বাস্থ্য কর্মকর্তাকে কয়েকজন ব্যক্তি এসে হুমকি দিয়েছেন। এজন্য আজকে আমরা সবাই কর্মবিরতি পালন করছি। যতক্ষণ এর সঠিক বিচার পাব না ততক্ষণ আমরা কাজে ফিরব না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা.নীল রতন দেব বলেন, টেন্ডার হয়েছিল, সেখানে সব নিয়ম মেনে করা হয়েছে। সেখানে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার না পেয়ে আমার কক্ষে এসে বিভিন্নভাবে হুমকি দেয়। সেখানে দুইজন পরিচিত, একজন যুবদলের হাসানুর রহমান আরেকজন লায়ন। আমি এ বিষয়ে থানায় একটি জিডি করেছি।

উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান বলেন, আপনি যেটা বলছেন, সবই ঠিক আছে। আমি কোনো ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজির সঙ্গে নেই। কিশোরগঞ্জে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ভুক্তভোগী এ বিষয়ে একটি জিডি করেছেন। সেখানে কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে চিকিৎসক ও নার্সররা মানববন্ধন করেছেন।

এবি/টিএ

মন্তব্য করুন