© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাটুরিয়া ফেরি ঘাটে ২৪ হাজার লিটার তেলসহ পদ্মায় লরি

শেয়ার করুন:
পাটুরিয়া ফেরি ঘাটে ২৪ হাজার লিটার তেলসহ পদ্মায় লরি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩২ এএম | ১২ মার্চ, ২০২৬
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাটে ফেরি থেকে নামার সময় ব্রেক ফেল করে ২৪ হাজার লিটার তেলবোঝাই একটি লরি পদ্মা নদীতে ডুবে গেছে।

বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। তবে লরির চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ-ঢ ৪১-০০৪২ নম্বরের দশ চাকার লরিটি যশোর থেকে ২৪ হাজার লিটার বাম্প ওয়েল নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল।

পথে দৌলতদিয়া ঘাট থেকে ফেরিতে করে নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে নামে। ফেরি থেকে পন্টুন হয়ে সড়কে ওঠার সময় ঢালু পথে লরিটির ব্রেক হঠাৎ বিকল হয়ে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে সরে গিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লরির চালক শরীফ ও তার সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে ডুবে যাওয়া লরিটি উদ্ধারে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার বলেন, ‘খবর পেয়ে আমি দ্রুত ঘটনা স্থলে আসি। নদীর পানি নিচের দিকে নেমে যাওয়ায় ঘাটের পন্টুন থেকে সড়কে উঠতে বিশাল ঢালুর সৃষ্টি হয়েছে। তেল বোঝাই লড়িটি ফেরি থেকে নেমে উপর দিকে সড়কে আসার সময় হঠাৎ থেমে যায়।

এসময় গাড়িটি পিছন দিকে নামতে থাকে। চালক ব্রেক করলেও তা ফেল করে। পরে নদীতে পড়ে যায়। এখন বিআইডব্লিউটিএ, টিসি ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।’

বিআইডব্লিউটিএর আরিচা কার্য়লয়ের নির্বাহী প্রকৌশলী বলেন, ‘যেখানে পদ্মায় লড়িটি নিমজ্জিত হয়েছে সেখানে পানির গভীরতা অনেক বেশি।

এখন উদ্ধারকারী হামজার ক্রেনের সাথে রেকার দিয়ে বাঁধার চেষ্টা করছে ডুবুরি। তারপর সিস্টেম অনুয়ায়ী টেনে তোলা হবে, এজন্যই উদ্ধার করতে সময় লাগছে।’

টিজে/এসএন 


মন্তব্য করুন