খাবারে কাপড়ের রং, কুড়িগ্রামে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত
০৮:৫৬ পিএম | ১২ মার্চ, ২০২৬
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল সেমাই উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে ‘কুমিল্লা বেকারি’র মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট আইন-২০১৮ ও বিএসটিআই আইনের মানদণ্ড অনুযায়ী খাদ্যপণ্য প্রস্তুত না করার অপরাধে এ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও বিএসটিআই রংপুর কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত ‘কুমিল্লা বেকারি’র কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক খন্দকার জামিনুর রহমান এবং ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে বেকারি ও লাচ্ছা সেমাই উৎপাদন কক্ষ পরিদর্শন করে দেখা যায়-খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহার করা হচ্ছে। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল সেমাইসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল এবং খাদ্য সংরক্ষণের ক্ষেত্রেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট আইনে বেকারির মালিক দীন ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে সব খাদ্য ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির জন্য সতর্ক করা হচ্ছে।
এসএস/টিএ