© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

শেয়ার করুন:
যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০২ এএম | ১৩ মার্চ, ২০২৬
যশোরের কোতোয়ালী থানাধীন দাইতলা ব্রিজ এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানায়। এর আগে একই দিন সকাল ১০টার দিকে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে। এ সময় তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৩৩ দশমিক ২৯ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি আবু সাইদ (৪১)। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাইদ স্বীকার করেছেন যে তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিলেন। পরে সেগুলো যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ৫৪ লাখ ৮ হাজার ৮২৮ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএস/এসএন

মন্তব্য করুন