বন্ধ আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট, ঘাটতি ৫৭০ মেগাওয়াট
ছবি: সংগৃহীত
০৭:৪৫ পিএম | ১৩ মার্চ, ২০২৬
জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট বন্ধ হয়ে গেছে।
দুটি ইউনিট বন্ধ থাকায় শুক্রবার (১৩ মার্চ) বিকেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে।
বন্ধ হওয়া ইউনিটগুলো হলো ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম ইউনিট ইস্ট এবং ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষম ইউনিট নর্থ।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাঈদ একরামুল্লাহ জানান, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে আশুগঞ্জ-ভুলতা জাতীয় গ্রিড লাইনে হঠাৎ করে ত্রুটি দেখা দেয়ায় লাইনটি বন্ধ হয়ে যায়। এতে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম ইউনিট ইস্টে উৎপাদনে থাকা ২৫০ মেগাওয়াট এবং ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষম ইউনিট নর্থে উৎপাদনে থাকা ৩২০ মেঘাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হ্রাস পেয়েছে। ফলে ৫৭০ মেগাওয়াট বিদ্যুৎতের ঘাটতি দেখা দিয়েছে।
তবে ইউনিট গুলো বন্ধ হওয়ার পর থেকে কারখানার নিজস্ব প্রকৌশলীরা দুটি ইউনিট চালু করার লক্ষ্যে কাজ শুরু করেন। এর মধ্যে ইউনিট নর্থ অল্প সময়ের মধ্যে চালু করা সম্ভব হবে হলে জানান কারখানার নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহাম্মদ আব্দুল মজিদ।
তিনি বলেন, ‘প্রয়োজনীয় সিগনাল পাওয়ার মাত্র নর্থ ইউনিটটি চালু করা সম্ভব হবে। পূর্ব ইউনিটটি চালু করতে কিছুটা সময় লাগবে।’
উল্লেখ্য, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (APSCL) বর্তমান মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ১,৫৮০ থেকে ১,৬০০ মেগাওয়াট। তবে, গ্যাসের অপর্যাপ্ত সরবরাহের কারণে সাধারণত এর চেয়ে কিছুটা কম (১,২০০-১,৩০০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদিত হয়।
এসকে/টিকে