© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপ্রতিম হত্যাকাণ্ড তুহিনের বিরুদ্ধে আগেও ছিল মোটরসাইকেল চুরির অভিযোগ

শেয়ার করুন:
অপ্রতিম হত্যাকাণ্ড তুহিনের বিরুদ্ধে আগেও ছিল মোটরসাইকেল চুরির অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৪ পিএম | ২০ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে আটক তুহিন হোসেনের বিরুদ্ধে এর আগেও বন্ধুর মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছিল।

২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি এ ঘটনায় তুহিনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগী আসাদুল্লাহ সোহাগের পক্ষে তার মা মরিয়ম আক্তার।

আটক তুহিন হোসেন (১৯) কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সানন্দা এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুরুল আলম। অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের আওতায় রয়েছেন।

তুহিন কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের ২০২৫ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। তবে তিনি ওই বছর এসএসসি পরীক্ষায় অংশ নেননি বলে তার একাধিক বন্ধু জানিয়েছেন।

অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের ২৬ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ থানার সালমানপুরে অলি মিয়ার দোকানের সামনে থেকে সোহাগের মোটরসাইকেলটি নেন তুহিন। অভিযোগে বলা হয়, তুহিন আগে থেকেই সোহাগের পরিচিত ছিলেন এবং তার মোটরসাইকেল প্রায়ই ব্যবহার করতেন। ওই রাতে মোটরসাইকেল নেওয়ার পর সেটি আর ফেরত দেয়নি। মোটরসাইকেলটির মূল্য ২ লাখ ৫ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সোহাগের পরিবারের অভিযোগ, মোটরসাইকেল উদ্ধারের জন্য সদর দক্ষিণ থানায় গেলে পুলিশ মামলা না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) নেয়। এ ছাড়া, তৎকালীন এসআই আব্দুর রহিমের বিরুদ্ধে দুই দফায় মোট ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগও করেছেন তারা। তবে টাকা নেওয়ার পরও মোটরসাইকেল উদ্ধার করে দেওয়া হয়নি বলে দাবি পরিবারের।

পরিবারের আরও অভিযোগ, তুহিন রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বলে তাদের জানানো হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বা সদর দক্ষিণ মডেল থানার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন সোহাগ। তিনি দাবি করেন, তুহিন তাকেও একইভাবে ডেকে নিয়ে কৌশলে তার মোটরসাইকেলটি নিয়ে যান। এ ঘটনায় মামলা করতে গেলে পুলিশ শুধু জিডি নেয় বলেও দাবি করেন তিনি।

সোহাগ বলেন, ছোট অপরাধের বিচার না হলে অপরাধীরা পরবর্তী সময়ে আরও বড় অপরাধ করার সাহস পায়। তার দাবি, আগের অভিযোগের সময় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

তবে তুহিনের বিরুদ্ধে ২০২৫ সালের মোটরসাইকেল-সংক্রান্ত অভিযোগ এবং বর্তমান অপ্রতিম হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে কোনো তথ্য জানা যায়নি।

এফআর/টিএ

মন্তব্য করুন