© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা-৬-এর উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষাই আমার লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক

শেয়ার করুন:
ঢাকা-৬-এর উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষাই আমার লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪০ পিএম | ১৩ মার্চ, ২০২৬
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, তাকে যে মন্ত্রিত্ব দেয়া হয়েছে তা ব্যক্তিগত কোনো অর্জন নয়, বরং এটি ঢাকা-৬ আসনের জনগণের প্রতি প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিশেষ সম্মান।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া থানার ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, “জনগণকে সঙ্গে নিয়েই আগামী দিনের রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সরকারের সামাজিক নিরাপত্তা পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এরইমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করেছেন। পর্যায়ক্রমে সারা দেশে ‘কৃষক কার্ড’ এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘হেলথ কার্ড’ কর্মসূচি চালু করা হবে।”

আসন্ন বর্ষা মৌসুম সামনে রেখে জনস্বাস্থ্যের বিষয়ে গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশাবাহিত রোগের সংক্রমণ রোধে এখন থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। জনদুর্ভোগ কমাতে এবং সরকারের পরিকল্পনা বাস্তবায়নে আমি এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করি।’

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের চূড়ান্ত পর্যায় ছিল জুলাই অভ্যুত্থান। সেখানে নিরীহ ছাত্রদের বুকে গুলি চালিয়ে হত্যার বিচার নিশ্চিত করার বিষয়ে তারা জোরালো অবস্থান নেবেন। তিনি বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে খুনিদের সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।’

ইশরাক হোসেন বলেন, ‘আমাদের রাজনীতির একটি পর্ব শেষ হয়েছে, এখন আমরা উন্নয়নমুখী রাজনীতি করতে চাই। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে কেউ অনাহারে থাকবে না।’

৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু ও মকবুল ইসলাম খান টিপু, গেন্ডারিয়া থানা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল কাদির, যুগ্ম আহ্বায়ক ঢালী মামুনুর রশিদ অপু, হাফেজ ওয়াসেক বিল্লাহ এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওমর মোতালেব টিটুসহ স্থানীয় নেতারা।

এমআর/টিকে 

মন্তব্য করুন