জামায়াতের সঙ্গে সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত
১০:৩১ পিএম | ১৩ মার্চ, ২০২৬
ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের মধ্যকার সংর্ঘষে বিএনপি কর্মী তরু মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে সদর উপজেলার মাধবপুর গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
নিহত তরু মিয়া গান্না ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাধবপুর গ্রামে শুক্রবার জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে নারী কর্মীদের সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জামায়াত ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নিয়ে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
তাদের উদ্ধার করে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তরু মিয়ার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্তি পুলিশ সুপার শেক বিল্লাল হোসেন বলেন, ‘ওই এলাকায় পুনরায় সংর্ঘষ এড়াতে পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক র্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’
এমআই/টিকে