ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর
ছবি: সংগৃহীত
০৩:০৬ এএম | ১৪ মার্চ, ২০২৬
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা চলছে।
শুক্রবার ( ১৩ মার্চ ) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাঠে গণঅধিকার পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, আমাদের নেতা তারেক রহমান একজন পরিশ্রমী ও ডায়নামিক নেতা। আমরা যে পরিকল্পনা করি, তার আগেই তিনি বিস্তারিত পরিকল্পনা ও রোডম্যাপ আমাদের সঙ্গে শেয়ার করেন।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন সকাল ৯টার মধ্যেই অফিসে চলে আসেন। অনেক সময় ৯টার পাঁচ-সাত মিনিট আগেই উপস্থিত হন। তিনি সবাইকে নির্ধারিত সময়ে অফিসে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন। কারণ আমরা যদি সকাল সকাল অফিস কার্যক্রম শুরু করি, তাহলে মানুষের সেবা পেতে যে আমলাতান্ত্রিক জটিলতা, হয়রানি ও ভোগান্তি রয়েছে তা অনেকটাই কমে যাবে। ইনশাআল্লাহ উপজেলা পর্যায়েও সঠিক সময়ে অফিস শুরু করার এই সংস্কৃতি চালু হয়েছে।
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আইকে/টিএ