© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রিস্টাল আইস তৈরির ২৫ কেজি কাঁচামালসহ তরুণী আটক

শেয়ার করুন:
ক্রিস্টাল আইস তৈরির ২৫ কেজি কাঁচামালসহ তরুণী আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১৬ এএম | ১৪ মার্চ, ২০২৬
ভয়ংকর মাদক ক্রিস্টাল আইস তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ এক তরুণীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে যশোর শহরের মণিহার এলাকায় একটি বাস থেকে তাকে আটক করা হয়। তবে তার কাছ থেকে উদ্ধারকৃত মালামাল কি তা নিশ্চিত হতে পারছিলো না পুলিশ।

সবশেষ ১৮ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে ওই তরুণী শিকার করে তার কাছ থেকে উদ্ধার করা মালামাল ভয়ংকর মাদক ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল। যার মধ্যে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ছয় লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) রয়েছে।

শাপলা খাতুন স্বপ্না (২৮) নামে ওই তরুণী ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইলফোনের বিনিময়ে ওই মাদক তৈরির কাঁচামাল চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। স্বপ্না সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে।

ডিবির এসআই অলোক কুমার দে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসে মাদকদ্রব্য বহন হচ্ছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একটি টিম নিয়ে যশোর মণিহার বাসস্ট্যান্ডে যাই। এরপর নির্দিষ্ট বাসটি স্ট্যান্ডে আসলে বক্স তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা তিনটি প্যাকেট পাওয়া যায়। আটক করা হয় এই দ্রব্য বহনকারী শাপলা খাতুন স্বপ্নাকে।

তিনি আরও বলেন, ওই প্যাকেটে কী জাতীয় দ্রব্য আছে তা অনুমান করতে পারিনি। স্বপ্নাকে জিজ্ঞাসাবাদ করা হলেও শুরু থেকেই তিনি কিছু বলেননি। পরে বস্তাসহ তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে।

এসআই অলোক কুমার দে বলেন, তিনটি প্যাকেট খুলে তার মধ্যে ছোট ছোট আরও ২৫টি প্যাকেট পাওয়া যায়। ওই নারীর কাছ থেকে কোনো তথ্য না পেয়ে সিদ্ধান্ত নেয়া হয় ওই দ্রব্যগুলোর ল্যাব টেস্ট করা হবে। প্রায় ১৮ ঘন্টার অধিকতর জিজ্ঞাসাবাদে স্বপ্না স্বীকার করেন, ওই দ্রব্যগুলো ক্রিস্টাল আইস তৈরির কাঁচামাল। যার মধ্যে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ছয় লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) রয়েছে।

স্বপ্না পুলিশকে জানিয়েছেন, আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি ওই মালামাল চট্টগ্রামের অলংকার মোড়ে পৌছে দেওয়ার কথা বলে তাকে। বিনিময়ে তাকে দেওয়া হবে ৬০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন সেট। আর আজমল হোসেন লাল্টুর বাড়ি সাতক্ষীরার কলারোয়ায়।

এসআই অলোক কুমার দে আরো বলেন, এই ঘটনায় শাপলা খাতুন স্বপ্না ও আজমল হোসেন লাল্টুর নামে আজ শুক্রবার কোতোয়ালি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। পরে বিকেলে স্বপ্নাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন