© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুন:
খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৭ এএম | ১৪ মার্চ, ২০২৬
রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাহারোজ আরেফিন গালিব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। পরে খিলগাঁও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত গালিবের চাচা জহিরুল ইসলাম কলিম জানান, গালিবদের বাসা বনশ্রী এলাকায়। বাসায় বেড়াতে এসেছিলেন গালিবের মামা। মামার মোটরসাইকেল নিয়ে শুক্রবার ইফতারের পর একাই ঘুরতে বের হয়েছিল গালিব।

ডেমরা এলাকাসহ আশপাশের এলাকায় ঘুরে বাসায় ফেরার পথে নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল স্লিপ করে রাস্তায় পড়ে যায় সে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের নিচে পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

স্বজনরা জানান, গালিব ঢাকা ইম্পেরিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবা শামসুল আরেফিন কুয়েতপ্রবাসী। বাসা খিলগাঁওয়ের বনশ্রী এল ব্লকে। গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলায়। বাবা-মায়ের একমাত্র সন্তান সে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খিলগাঁও থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠিয়েছে।

এসএস/টিএ

মন্তব্য করুন