নোয়াখালীতে শেখ হাসিনার সৌজন্যে ঈদসামগ্রী বিতরণ
ছবি: সংগৃহীত
১০:০০ এএম | ১৪ মার্চ, ২০২৬
নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে ব্যানার টাঙিয়ে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে আন্ডারচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইমান আলী বাড়িতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বাড়িটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রবের। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে সমবেত হন।
আব্দুর রবের ছোট ভাই মো. জামালের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতাকর্মীদের মাঝে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
আন্ডারচর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আরাফাত জানান, ‘কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের নেতাকর্মীরা এভাবে প্রকাশ্যে জড়ো হয়ে ব্যানার টাঙিয়ে কর্মসূচি পালন করায় এলাকায় জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বিষয়টি নিয়ে আতঙ্কিত ও ক্ষুব্ধ।’
ইউনিয়ন আওয়ামী লীগের অভিযুক্ত সভাপতি আব্দুর রব এবং তার ভাই মো. জামালের ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এখনও এ ধরনের কোনো সংবাদ পুলিশের কাছে পৌঁছায়নি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেএন/টিএ