নিজের নাম ভাঙিয়ে তদবির বন্ধে শামা ওবায়েদের চিঠি
ছবি: সংগৃহীত
১২:৪৮ পিএম | ১৪ মার্চ, ২০২৬
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার সরকারি দপ্তরগুলোতে কেউ যেন নিজের নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা নিতে না পারে—এ বিষয়ে সরকারি কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (১৩ মার্চ) নিজ স্বাক্ষারিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি দপ্তরগুলোতে আমার নাম ব্যবহার করে কেউ অনৈতিকি সুবিধা নিতে না পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হলো। সরকারি দপ্তরগুলোকে সতর্ক এবং এই নির্দেশনা পালনের জন্য অনুরোধ করা হলো।’
এই সতর্কবার্তার অনুলিপি নগরকান্দা ও সালথা উপজেলার প্রশাসনিক, আইন-শৃঙ্খলা ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাই সাধারণ মানুষকে হয়রানি বা বিভ্রান্তি থেকে রক্ষা করতে এ সতর্কতা জারি করা হয়েছে। জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসনের সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।'
তিনি বলেন, ‘আমার নাম ভাঙিয়ে কোনো ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো।’
এসকে/টিএ