© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাফিকে কাজ করা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ নেই, কার্যক্রম বন্ধ

শেয়ার করুন:
ট্রাফিকে কাজ করা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ নেই, কার্যক্রম বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৯ পিএম | ১৪ মার্চ, ২০২৬
রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সরকারের কাছ থেকে বাজেট না পাওয়ায় ১ মার্চ থেকে শিক্ষার্থীরা আর ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না বলে জানিয়েছে ডিএমপি। ডিএমপি বলছে, সরকারের কাছে তারা অনুমতি ও বাজেট—দুটিই চেয়েছিল, তবে সরকারের কাছ থেকে অর্থ বরাদ্দ এবং অনুমতি কোনোটিই মেলেনি। তাই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, বরাদ্দ পেলে আবার ডাকবে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থান পর থেকে রাজধানীর যান চলাচল স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের কাজে লাগানো হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসব শিক্ষার্থীকে দৈনিক ভাতার ভিত্তিতে ডিএমপির ট্রাফিকে যুক্ত করা হয়।

ঢাকায় দুই শিফটে ৮৯৬ জন শিক্ষার্থী ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করতেন। অন্তর্বর্তী সরকার তাদের চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কাজ করার অনুমতি দিয়েছিল।
কথা ছিল, পরবর্তী সময়ে নির্বাচিত সরকার অর্থ বরাদ্দ দিয়ে সময় বাড়াতে পারবে।

তবে ডিএমপি জানিয়েছে, অন্তর্বর্তী সরকার ৩০ জুন পর্যন্ত মেয়াদ ঠিক করে গেলেও অর্থ বরাদ্দ ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪ সালের ৪ নভেম্বর পরীক্ষামূলকভাবে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ শুরু করেন প্রশিক্ষণপ্রাপ্ত ২৪৬ জন শিক্ষার্থী। পর্যায়ক্রমে তাদের সংখ্যা দাঁড়ায় ১ হাজারে।

সর্বশেষ ৮৯৬ জন শিক্ষার্থী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করতেন। তারা প্রতিদিন ৫০০ টাকা সম্মানীতে দুই শিফটে কাজ করতেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘সরকারের কাছে আমরা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু কোনো বরাদ্দ পাইনি। তাই ১ মার্চ শিক্ষার্থীদের না করে দেওয়া হয়েছে।

বলা হয়েছে, সরকারের অনুমতি ও বাজেট পেলে আবার তাদের ডাকা হবে।’ তবে ট্রাফিকে দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের কয়েকজন জানান, জুন পর্যন্ত কাজ করার অনুমতি থাকলেও ডিএমপি তার আগেই তাদের বিদায় করে দিয়েছে। টাকা বরাদ্দ পেলে আবার ডাকবে বলে জানিয়েছে তারা।

এবি/টিএ

মন্তব্য করুন