দেশ অস্থিতিশীলের অপচেষ্টা চলছে, ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি আমান
ছবি: সংগৃহীত
০৭:১৪ এএম | ২০ সেপ্টেম্বর, ২০২৬
দেশের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের অপতৎপরতার মাধ্যমে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
তিনি বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা রুখে দিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা যেন দেশের উন্নয়ন ও জনকল্যাণের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ মডেল উপজেলার তারানগর ইউনিয়নের ভাওয়াল মাঠে ঢাকা-২ আসনের শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, কেউ কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন ধরনের অপতৎপরতার মাধ্যমে দেশের স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। দেশের স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে কোনো ষড়যন্ত্র বা অপতৎপরতার মাধ্যমে বাধাগ্রস্ত করতে দেওয়া যাবে না। এ জন্য দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
দেশের সামগ্রিক পরিস্থিতির ওপর সংশ্লিষ্ট সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে জানিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন, দেশের বাইরে অবস্থানকারী বা আত্মগোপনে থাকা রাজনৈতিক ব্যক্তিরা নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে।
তিনি আরও বলেন, জনগণের ভোট ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। জনগণের দেওয়া রায়কে কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের মাধ্যমে ব্যাহত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, শিক্ষার মান উন্নত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের মানুষকে এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে। বৃক্ষরোপণের মতো সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করলে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়বে।
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার ওপরও গুরুত্ব দেন আমান উল্লাহ আমান। এমপি বলেন, কোনো শিক্ষার্থী যেন মাদকে আসক্ত না হয়, সেদিকে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে নজর রাখতে হবে। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, একটি শিক্ষিত, সচেতন ও মাদকমুক্ত প্রজন্মই দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি তৈরি করতে পারে। এসময় শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এফআর/টিএ