© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ

শেয়ার করুন:
জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
০৯:৩৬ পিএম | ১৪ মার্চ, ২০২৬
“আপনারা ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা কোনো নাগরিকের সঙ্গে খারাপ আচরণ করবেন না। বিশেষ করে নারীদের পক্ষ থেকে প্রচুর অভিযোগ আসে যে, আপনারা তাদের সঙ্গে কথা বলতে চান না বা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। মনে রাখবেন, একজন মানুষ বিপদে পড়লে বা প্রয়োজনে তবেই ইউনিয়ন পরিষদে যায়। অকারণে কেউ আপনাদের কাছে যায় না।”

কুমিল্লার দেবিদ্বারে ইউনিয়ন পরিষদের সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার বা হয়রানি বরদাশত করা হবে না।

শনিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারের প্রবাসী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে বলেন, “আমাদের এলাকার অধিকাংশ মানুষ প্রবাসী। তাছাড়া অনেকেই আ‌ছেন নিম্ন আয়ের। তারা যখন কোনো সংকটে পড়ে আপনাদের কাছে আসে, তখন যদি ইউনিয়ন পরিষদ থেকে হয়রানি করা হয়, তবে সেই ক্ষোভ তারা সারাজীবন বয়ে বেড়ায়। জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ বা অন্যান্য নাগরিক সেবার ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ আন্তরিক হতে হবে।”

ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ সম্পর্কে তিনি বলেন, তহসিল অফিস এবং ইউনিয়ন পরিষদ-এই দুটি জায়গা নিয়েই সাধারণ মানুষের অভিযোগ সবচেয়ে বেশি। অনেক সময় জনগণও ভুল করে দালালের আশ্রয় নেয় বা টাকা দিয়ে কাজ দ্রুত করতে চায়। তিনি সচিবদের উদ্দেশে বলেন, “কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। যদি কোনো জনপ্রতিনিধি বা চেয়ারম্যান আপনাদের নিয়মের বাইরে কাজ করতে বাধ্য করেন, তবে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করবেন।”

জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতার সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “জাফরগঞ্জ বা সুলতানপুরের মতো কিছু ইউনিয়নে চেয়ারম্যানরা ঠিকমতো অফিস করেন না বলে অভিযোগ রয়েছে। ভোটের সময় তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে বড় বড় কথা বললেও এখন জনগণকে তাদের বাড়িতে গিয়ে স্বাক্ষরের জন্য অপেক্ষা করতে হয়। এটি কাম্য নয়।”

তিনি আরও যোগ করেন, “জন্মনিবন্ধনের বয়স জালিয়াতি বা অনৈতিক কাজের জন্য অনেকে আপনাদের টাকা দিতে চাইবে। কিন্তু আপনারা কোনো চাপের মুখে বা প্রলোভনে পড়ে ভুল কাজ করবেন না। জনভোগান্তি তৈরি হলে মানুষের মনে ক্ষোভ জন্মায়, আর সেই ক্ষোভ থেকেই নানা ধরনের অস্থিরতার সৃষ্টি হয়।”

এমপি হাসনাত আব্দুল্লাহ সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে দেবিদ্বারকে একটি সেবাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

টিকে/

মন্তব্য করুন