© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহকে বসবাসের উপযোগী নগরী গড়ার ঘোষণা নতুন প্রশাসকের

শেয়ার করুন:
ময়মনসিংহকে বসবাসের উপযোগী নগরী গড়ার ঘোষণা নতুন প্রশাসকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৩ এএম | ১৫ মার্চ, ২০২৬
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন। দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘ময়মনসিংহকে বসবাসের উপযোগী একটি নগর হিসেবে গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবো।’

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে ময়মনসিংহ ছাড়াও রাজশাহী, বরিশাল, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে নতুন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়ার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫-ক উপধারা (১) অনুযায়ী পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত এসব প্রশাসক সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও নিয়মিত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক নির্ধারিত সম্মানী ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এরআগে, ২০২৪ সালের ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে একযোগে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। স্থানীয় সরকার (সংশোধন) আইন, ২০২৪ প্রয়োগ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় রোকনুজ্জামান সরকার বলেন, ‘ময়মনসিংহ নগরবাসীর সেবা করার জন্য আমাকে মনোনীত করায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

তিনি বলেন, ‘এই নগরের সমস্যার শেষ নেই। যানজট, নিরাপত্তা, রাস্তাঘাট ও জলাবদ্ধতাসহ বিভিন্ন নাগরিক সমস্যা প্রকট। এসব সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিয়ে আমি কাজ করতে চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। নগরবাসীর সহযোগিতা নিয়ে ময়মনসিংহ নগরকে বসবাসের উপযোগী একটি নগর হিসেবে গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবো।’

দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকা রোকনুজ্জামান সরকারের হাতেখড়ি ছাত্রদলের মাধ্যমে। ছিলেন ময়মনসিংহ কমার্শিয়াল কলেজের জিএস ও ভিপি। কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক থেকে হন দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। এরপর দায়িত্ব পালন করেন অবিভক্ত ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে।

ছাত্রদলের পাঠ চুকিয়ে হন যুবদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা যুবদলের সভাপতি। এরপর দক্ষিণ জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক থেকে পরে তাকে সদস্যসচিব করে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রায় দেড় দশক ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনীতিতে সক্রিয় থেকেছেন এবং দলীয় নেতাকর্মীদের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রগামী ভূমিকা পালন করেছেন বলে জানান দলের নেতাকর্মীরা।

এমআই/টিকে

মন্তব্য করুন